Odisha: স্ত্রীর সঙ্গে অশান্তি মেটাতে ১৭৫ কিমি পাড়ি স্বামীর, রাস্তায় দেখা হতেই… – Bengali News | Man travels 175 km to reconcile with wife, slits her throat as bystanders record in Odisha
স্ত্রীর সঙ্গে ঝগড়ার মাঝে ভয়ঙ্কর কাণ্ড স্বামীরImage Credit: X handle
কটক: নিত্যদিন অশান্তি। তাই স্বামীকে ছেড়ে চলে গিয়েছেন স্ত্রী। অশান্তি মেটাতে ১৭৫ কিমি দূরে স্ত্রীর কাছে গেলেন ব্যক্তি। রাস্তায় স্বামী-স্ত্রী কথা বলছিলেন। হঠাৎ বাদানুবাদ শুরু হয়। স্বামী-স্ত্রীর ঝগড়ার ভিডিয়ো করতে লাগলেন পাশে দাঁড়িয়ে থাকা একজন। কিন্তু, তারপর যা হল, তার বোধহয় কেউ ভাবতেও পারেননি। হঠাৎ চিৎকার করে মহিলা রাস্তায় পড়ে গেলেন। তাঁর গলা গিয়ে গলগল করে রক্ত বেরতে লাগল। মহিলার স্বামীকে পথচারীরা ধরে পুলিশের হাতে দিলেন। ঘটনাটি ওড়িশার বালাসোরের। কিন্তু, মহিলার সঙ্গে কী করলেন তাঁর স্বামী?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, ঝগড়ার মাঝে হঠাৎ ওই ব্যক্তি পকেট থেকে ছুরি বের করেন। তারপরই স্ত্রীর গলায় চালিয়ে দেন। ঘটনাটি দেখে প্রথমে হকচকিয়ে যান পথচারীরাও। তবে ওই ব্যক্তি ঘটনাস্থল ছেড়ে পালানোর আগেই তাঁকে ধরে ফেলেন। তুলে দেওয়া হয় পুলিশের হাতে। পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
এদিকে, ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা মহিলাকে বালাসোর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা ওই মহিলাকে কটকের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করেন। সেখানেই এখন তাঁর চিকিৎসা চলছে। তাঁর অবস্থা গুরুতর বলে স্থানীয় সংবাদমাধ্য়ম জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম শেখ আমজাদ। তাঁর বাড়ি কটকে। অশান্তির জেরে স্ত্রী তাঁকে ছেড়ে বালাসোরে চলে আসেন। স্ত্রীর সঙ্গে অশান্তি মেটাতেই কটক থেকে ১৭৫ কিমি পথ পেরিয়ে বালাসোর এসেছিলেন আমজাদ। কিন্তু, কথা কাটাকাটির মাঝেই স্ত্রীর গলায় ছুরি চালিয়ে দেন তিনি। স্ত্রীকে খুনের উদ্দেশ্যেই আমজাদ পকেটে ছুরি নিয়ে এসেছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।