Madhyamik Student: অশ্লীল ভিডিয়ো ভাইরাল! ভয়ঙ্কর পরিণতি মাধ্যমিকের ছাত্রীর – Bengali News | Video goes viral, horrific consequences for secondary school student in Jalpaiguri
জলপাইগুড়ি: অশ্লীল ভিডিয়ো ভাইরাল। অপমান সইতে না পেরে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলল মাধ্যমিকের ছাত্রী। ঘর থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হল না। চাঞ্চল্যকর ঘটনা জলপাইগুড়ি সদর ব্লকে। মৃতার পরিবারের সদস্যদের অভিযোগ, এলাকারই দু’টি ছেলে দীর্ঘদিন থেকেই ওই নাবালিকাকে উত্যক্ত করছিল। অভিযোগ, এরাই ওই দু’জনের অশ্লীল ভিডিয়ো করে। পরবর্তীতে সেই ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। খবর কানে যায় ছাত্রীটিরও। তারপরই সে রীতিমতো ভেঙে পড়ে।
কী বলছেন পরিবারের সদস্যরা?
পরিবার সূত্রে খবর, একদিন আগে মায়ের কাছে ভাইরাল ভিডিয়োর কথা খুলে বলে ওই নাবালিকা। দ্রুত পদক্ষেপ করার সিদ্ধান্ত নেয় পরিবার। শুক্রবার বিকালেই কোতায়ালি থানায় অভিযোগ জানাত চলে যান। তাঁদের অভিযোগ, পুলিশ FIR নিতে গড়িমসি করে। অগত্যা তাঁরা বাড়ি ফিরে আসেন। কিন্তু ততক্ষণে ঘটে যায় আর এক কাণ্ড।
বাড়ি ফিরে তারা জানতে পারেন ছাত্রীটি গলায় ওড়নার দিয়ে ফাঁস দিয়েছে। দ্রুত তাকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই কোতয়ালি থানায় দায়ের হয় লিখিত অভিযোগ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভেরও সঞ্চার হয়। পরিবার ও স্থানীয়দের অভিযোগ, ওই দুই ছেলের জন্যই ওই মেয়েটাকে অকালে প্রাণ দিতে হল। অন্যদিকে পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতের আত্মীয় থেকে পরিবারের সদস্য়রা। জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার, শৌভনিক মুখোপাধ্যায় যদিও বলছেন অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ পদক্ষেপ করেছে। অভিযুক্তদের মধ্যে এক নাবালক ও এক যুবক রয়েছে। তাঁদের রাতেই গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত।