Donald Trump: এইচ-১বি ভিসা নিয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত, আমেরিকায় কর্মরত ভারতীয়দের চাপ বাড়ল? - Bengali News | US President Donald Trump slaps $100,000 fee on H 1B Visas in latest immigration crackdown - 24 Ghanta Bangla News
Home

Donald Trump: এইচ-১বি ভিসা নিয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত, আমেরিকায় কর্মরত ভারতীয়দের চাপ বাড়ল? – Bengali News | US President Donald Trump slaps $100,000 fee on H 1B Visas in latest immigration crackdown

Spread the love

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন: আমেরিকায় কোম্পানিগুলিতে বিদেশি কর্মীদের নিয়োগে রাশ টানতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই লক্ষ্যে শুক্রবার একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন তিনি। ঘোষণাপত্র অনুযায়ী, এবার এইচ-১বি ভিসার জন্য বছরে এক লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৯০ লক্ষ) দিতে হবে। ট্রাম্প প্রশাসনের বক্তব্য, এই সিদ্ধান্তের ফলে কোম্পানিগুলি এমন দক্ষ বিদেশি কর্মী নিয়োগ করবে, যাঁদের কাজ আমেরিকান কর্মীরা করতে পারবেন না। এইচ-১বি ভিসা নিয়ে আমেরিকায় বহু ভারতীয় বিভিন্ন কোম্পানিতে কাজ করেন। ট্রাম্পের এই সিদ্ধান্তে ভারতীয় কর্মীদের আমেরিকায় গিয়ে কাজে প্রভাব পড়তে পারে।

শুক্রবার ওভাল অফিসে এই ঘোষণাপত্রে স্বাক্ষর করার পর ট্রাম্প বলেন, “কোম্পানিগুলির কর্মী দরকার। আর এই ঘোষণাপত্র নিশ্চিত করবে যে আমেরিকা এবার দক্ষ কর্মী পাবে।” ঘোষণাপত্রে স্বাক্ষর করার পর ট্রাম্প আশা প্রকাশ করেন যে, তাঁর এই পদক্ষেপের বিরোধিতা করবে না শিল্প মহল।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ বলছে, এইচ-১বি ভিসার জন্য বর্তমানে যে ফি দিতে হয় কোম্পানিগুলিকে, তার সঙ্গে এই ১ লক্ষ মার্কিন ডলার যোগ হবে। বর্তমানে লটারিতে রেজিস্টারের জন্য ২১৫ মার্কিন ডলার ফি দিতে হয়। তার সঙ্গে আই-১২৯ ফর্মের জন্য লাগে আরও ৭৮০ মার্কিন ডলার।

এইচ-১বি ভিসা নিয়ে মূলত আইটি সেক্টরে বিদেশি কর্মীদের নিয়োগ করে কোম্পানিগুলি। এই ভিসার আবেদনের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি দরকার। বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকায় এইচ-১বি ভিসা নিয়ে যেসব বিদেশি কর্মী যান, তাঁদের বেতন বার্ষিক ৬০ হাজার ডলারের আশপাশে হয়। এখন কোম্পানিগুলিকে আরও ১ লক্ষ ডলার সরকারকে দিতে হবে।

গত বছর এইচ-১বি ভিসার সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন ভারতীয়রা। গত বছর এই ভিসার ৭১ শতাংশ পেয়েছিলেন ভারতীয় কর্মীরা। তারপর ১১ শতাংশ পেয়ে দ্বিতীয় স্থানে ছিল চিন। ফলে এইচ-১ বি ভিসার জন্য ফি এক ধাক্কায় এতটা বেড়ে যাওয়ায়, ভারত-সহ বিশ্বের অন্য দেশগুলি থেকে আমেরিকায় কর্মী নিয়োগে কোম্পানিগুলি কতটা উৎসাহী হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

ট্রাম্পের এই পদক্ষেপ নিয়ে অ্যামাজন, অ্যাপেল, গুগল এবং মেটার মতো সংস্থা এখনও মুখ খোলেনি। এই নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি মাইক্রোসফট। আমেরিকার বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক কোম্পানিগুলির উদ্দেশে বলেন, “আপনি যদি কাউকে প্রশিক্ষণ দিতে চান, তবে আমেরিকানদের দিন। আর আপনি যদি দক্ষ ইঞ্জিনিয়ার আনতে চান, তাহলে এইচ-১বি ভিসার জন্য বছরে ১ লক্ষ ডলার দিন।” প্রসঙ্গত, মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও ১৯৯৬ সালে এইচ-১বি ভিসা নিয়ে আমেরিকায় পা রেখেছিলেন। তাঁর জন্ম স্লোভেনিয়ায়। মডেল হিসেবে কাজের জন্য এইচ-১বি ভিসা নিয়ে আমেরিকা আসেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *