Cyberattack in Airports: সাইবার হামলায় ‘চুপ’ হয়ে গেল একটার পর বিমানবন্দর, সুর চড়াল যাত্রীরা – Bengali News | Cyberattack Disrupts European Airports Including Heathrow, Brussels
ব্রাসেলস: একটা নয়, একাধিক বিমানবন্দরে হল সাইবার হানা। তটস্থ গোটা ইউরোপ। হামলার জেরে ভোগান্তির সম্মুখীন যাত্রীরা। বাতিল হল একের পর এক বিমান। কোনও কোনওটা আবার হল বিলম্বিত। সব মিলিয়ে একেবারে উদ্বিগ্ন পরিস্থিতি। কিন্তু কারা হামলা চালাল? কীভাবেই বা সমস্ত ডিজিটাল নিরাপত্তাকে ছেদ করল তারা?
আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, শনিবার চেক-ইন এবং বোর্ডিংয়ের জন্য ব্য়বহার হওয়া কম্পিউটার সিস্টেমগুলিতেই সাইবার হানা চালায় সেই ‘ডিজিটাল-দুষ্কৃতীরা’। যার জেরে বন্ধ হয়ে যায় লন্ডন, ব্রাসেলস-সহ একাধিক বিমানবন্দরের কম্পিউটার সিস্টেমগুলি। হামলা চালান হয়েছে ইউরোপের ব্যস্ততম হিথ্রো বিমানবন্দরেও। কাজ আটকেছে জার্মানির বার্লিনেও।
এদিন চেক-ইন না হওয়ার কারণে ঠায় দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের। বাতিল হয় বহু বিমান। সময় পরিবর্তন করা হয় বেশ কিছু বিমানের। ব্রডকাস্টার বিবিসি-র প্রতিবেদন অনুযায়ী, একটি বিজ্ঞপ্তি দিয়ে এই সাইবার হানার কথা যাত্রীদের জানিয়েছে ব্রাসেলস বিমানবন্দর কর্তৃপক্ষ। তাদের দাবি, সাইবার হানার জেরে কম্পিউটার ব্যবহার না করে যত দ্রুত চেক-ইন করা সম্ভব, তা বিমানবন্দরে কর্মরত কর্মীরা করেছেন। গোটা ব্যাপারটাই ম্য়ানুয়ালি হওয়ার কারণে অনেকটা সময়ও ব্যয়।
কিন্তু একই সঙ্গে ইউরোপের প্রতিটি বিমানবন্দরে কীভাবে সাইবার হানা চালাল ‘ডিজিটাল দুষ্কৃতীরা’? বলে রাখা ভাল, ইউরোপের প্রতিটি দেশের বিমানবন্দরের কম্পিউটার সার্ভার পরিষেবা প্রদান করে থাকে কোলিন অ্যারোস্পেস নামে একটিই সংস্থা। তাদের সার্ভার ব্যবহার করেই কাজ চালায় লন্ডন, হিথ্রো, ব্রাসেলস-র মতো নামী বিমানবন্দরগুলি। ওই সংস্থা ইতিমধ্য়েই একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ‘সংশ্লিষ্ট বিমানবন্দরগুলিতে হওয়া সাইবার হানা সম্পর্কে আমরা অবগত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আপামর চেষ্টা চালানো হচ্ছে সংস্থার তরফে।’