Donald Trump on Modi: ‘আমরা খুবই ঘনিষ্ঠ…’, শুল্ক-বৈঠকের আবহেই ট্রাম্পের মুখে মোদী স্তুতি – Bengali News | Very close to pm modi trump reaffirms ties with india in uk amid ongoing tariff talks
নয়াদিল্লি: গলছেন ট্রাম্প। মনে করাচ্ছেন পুরনো বন্ধুত্বের কথা। যা এতদিন ‘ঢাকা পড়েছিল’ শুল্ক বিবাদের জেরে। ব্রিটেন সফরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন তিনি। তারপর মুখোমুখি হন সাংবাদিকদের। তখনই মার্কিন প্রেসিডেন্টের মুখে শোনা যায় পুরনো বন্ধুত্বের কথা।
ট্রাম্প বলেন, ‘যখন আমি জানতে পারলাম ইউরোপের দেশগুলিও রাশিয়ার থেকে তেল কেনে, আমি তখনই ভারতের সঙ্গে যোগাযোগ করি। ওই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার আত্মীক সম্পর্ক। তাঁকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছি। আমাদের মধ্যে বেশ ভাল সম্পর্ক।’
শুধুই নয়াদিল্লিই নয়, ট্রাম্পের মুখ উঠে এসেছে বেজিং ও মস্কোর কথাও। তিনি বলেন, ‘চিন আমাদের অনেক টাকা শুল্ক দিচ্ছে।’ আর রাশিয়ার প্রসঙ্গে তিনি বললেন, ‘ওদের তেলের দাম একদম পড়ে গিয়েছে। পুতিনকে এবার যুদ্ধ থেকে সরে আসতেই হবে। ওদের কাছে আর কোনও উপায় নেই।’
প্রসঙ্গত, চলতি সপ্তাহে মুখোমুখি সমঝোতা বৈঠকে বসেছিল নয়াদিল্লি ও ওয়াশিংটনের প্রতিনিধি। মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রিডেন লিঞ্চের সঙ্গে শুল্ক আলোচনায় বসেছিলেন ভারতের মুখ্য বাণিজ্য সমঝোতাকারী রাজেশ আগরওয়াল। আর তারপরেই নয়াদিল্লিতে আবহ বদল। ট্রাম্পের সঙ্গে যে বিবাদ মিটছে, তেমনই ইঙ্গিত দিচ্ছেন একাংশ। দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরনের দাবি, কয়েক সপ্তাহের মধ্যেই কমে যাবে শুল্কের পরিমাণ। তাঁর অনুমান, আগামী ৩০ নভেম্বরের মধ্যে জরিমানা-শুল্ক সরিয়ে নেবেন ট্রাম্প। কমাবেন পারস্পরিক শুল্কের হারও।