South 24 Parganas: খেলতে খেলতে গর্তে পড়ে যায়, দুই শিশুর মর্মান্তিক পরিণতি – Bengali News | South 24 parganas Two children fall into a hole while playing, tragic fate awaits them
দক্ষিণ ২৪ পরগনা: খেলতে খেলতে কোনওভাবে গর্তে কিছুটা একটা পড়ে যায়। বুঝতে পারেনি। সেটা তুলতে গিয়েই বিপত্তি। গর্তের মধ্যে জমা জলে পড়ে মৃত্যু হয় দুই শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের হারুডপয়েন্ট এলাকায়। বিশ্বকর্মা পুজোর দিনই মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। শিশু দুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদের নাম সুদীপ্ত সিংহ (১১) এবং ফারুক খান (৭)। সুদীপ্ত বীরেন্দ্র বিদ্যানিকেতনের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ১২ টা নাগাদ কাকদ্বীপের হারুডপয়েন্ট কোস্টাল থানার লট নম্বর আট এলাকায় ঘটে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মুড়িগঙ্গা নদীর কাটা বালির গর্তে ডুবে যায় দুই শিশু। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল প্রায় ১১:৩০ টা নাগাদ খেলতে খেলতে গর্তের জলে নেমে যায় তারা। মুহূর্তের মধ্যে তলিয়ে যায় দু’জনেই।
প্রথমে বিষয়টি কারোর নজরে পড়েনি। পরে খোঁজ শুরু হলে, গর্তে নজর পড়ে অনেকের। দুটো শিশুকে উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অল্প বয়সেই এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও প্রতিবেশীরা শোকে ভেঙে পড়েছেন। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে এই ধরনের কাটা বালির গর্ত যথাযথভাবে ভরাট বা চিহ্নিত করার দাবি তুলেছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। স্থানীয় এক বাসিন্দা বলেন, “আজকের দিনে মায়ের বুকটা খালি করে চলে গেল। এই ঘটনা মেনে নেওয়া যায় না।”