SBI-তে হঠাৎ ঢুকল ৩ মিলিটারি, আধ ঘণ্টায় ২০ কোটি টাকার সোনা ও টাকা নিয়ে ধাঁ! – Bengali News | 3 men Entered SBI Branch in Karnataka Dressed as Military & Looted 20 Crore Worth Gold & Money
বেঙ্গালুরু: মিলিটারি সেজে ব্যাঙ্ক লুট। বন্দুক নিয়ে ঢুকে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার একটি শাখা থেকে ২০ কোটি টাকার গহনা ও ১ কোটি টাকা নগদ লুট করে নিয়ে পালাল তিন দুষ্কৃতী। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনাটি ঘটেছে কর্নাটকের চাদাচান শহরে। মঙ্গলবার বিকেলে তিন ব্যক্তি মিলিটারি পোশাকে, হাতে বন্দুক নিয়ে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ব্রাঞ্চে ঢুকে পড়েন। নিমেষেই ব্যাঙ্কের কর্মী ও ম্যানেজারের হাত-পা প্ল্যাস্টিক ব্যাগ দিয়ে বেঁধে দেয় এবং তাদের টয়লেটে নিয়ে গিয়ে আটকে দেয়।
এরপর ব্রাঞ্চ ম্যানেজারকে ক্যাশ ভল্ট খুলতে বলে দুষ্কতীরা। সেখান থেকে টাকা পয়সা লুটের পর খোলানো হয় গোল্ড লকার। খুনের হুমকি দিয়ে ম্যানেজারকে দিয়েই সমস্ত টাকা পয়সা ও সোনার গহনা বের করায় দুষ্কৃতীরা। ব্যাগে সেই টাকাপয়সা ও গহনা ভরে পালিয়ে যায়।
ব্যাঙ্ক ডাকাতির খবর পেয়েই পুলিশ সুপারিন্টেন্ডেন্ট সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ডাকাতের দল একটি ভ্যান নিয়ে এসেছিল, সেই ভ্যানটি রাস্তায় লাগানো সিসিটিভিতে ধরা পড়লেও, গাড়িতে নকল নম্বর প্লেট লাগানো থাকায় তাদের হদিশ পাওয়া যাচ্ছে না।
পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা কর্নাটকের ব্যাঙ্ক লুট করে মহারাষ্ট্রে পালিয়ে গিয়েছে। সোলাপুর জেলায় ঢুকে গাড়িটি অ্যাক্সিডেন্ট করে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বচসা শুরু হয়। এরপরই গাড়িটি ফেলে রেখে অভিযুক্তরা টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে যায়।
মহারাষ্ট্র ও কর্নাটকে মামলা দায়ের করা হয়েছে। যৌথ অভিযান শুরু করা হয়েছে।