Sandeshkhali: বাংলায় কথা বলায় ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিককে অস্ত্রের কোপ, অভিযোগ ঘিরে তরজায় তৃণমূল-বিজেপি – Bengali News | A youth from Sandeshkhali allegedly beaten for speaking in Bengali in Jharkhand
আক্রান্ত পরিযায়ী শ্রমিকImage Credit: TV9 Bangla
সন্দেশখালি: ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ নিয়ে অনেকদিন ধরেই সরব তৃণমূল কংগ্রেস। এই আবহে ভিনরাজ্যে বাংলাভাষায় কথা বলার জন্য বাঙালি পরিযায়ী শ্রমিকের উপর হামলা চালানোর অভিযোগ উঠল। ধারালো অস্ত্রের কোপ মারা হল। গুরুতর জখম অবস্থায় কলকাতার হাসপাতালে ভর্তি উত্তর ২৪ পরগনার সন্দেশখালির তাপছেল জমাদার নামে ওই যুবক। এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর বেড়েছে।
উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ১ নম্বর ব্লকের বয়েরমারি দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের উলাপাড়া গ্রামের একাধিক নির্মাণ শ্রমিক কর্মসূত্রে ওড়িশায় গিয়েছিলেন। পরিবার সূত্রে খবর, ঝাড়খণ্ডের জামশেদপুরের টাটানগর স্টেশনে নামার পর বাংলায় কথা বলছিলেন শ্রমিকরা। সেই সময় স্টেশনে থাকা কয়েকজন যুবক তাঁদের উপর চড়াও হয়। অভিযোগ, বাংলায় কথা বলার কারণে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে শ্রমিকদের মারধর করা হয়। তাপছেলকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়।
আহত শ্রমিককে রক্তাক্ত অবস্থায় প্রাথমিক চিকিৎসার পর দ্রুত কলকাতায় আনা হয়। এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের লোকজন জানান, ওই শ্রমিক দীর্ঘ পাঁচ বছর ধরে ওড়িশায় নির্মাণকাজ করতেন। মাত্র চার-পাঁচ দিন আগে বাড়ি ফিরেছিলেন। শনিবার আবার কাজে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামে। তাপছেলের স্ত্রী বলেন, এই ঘটনার বিচার চান তাঁরা।
ঘটনাটি নিয়ে সরব হয়েছে তৃণমূল। বিজেপিকে আক্রমণ করে শাসকদলের নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “বাঙালিদের উপর অত্যাচার। বাংলাভাষার উপর অত্যাচার। অসম্মান করা। এগুলো করছে কারা? বিজেপি। কিংবা বিজেপি শাসিত রাজ্য। এর মূল্য বিজেপিকে চোকাতে হবে। চোকাতে হবে বাঙালিদের কাছে। বাঙালিরা এর মূল্য বুঝে নেবে বিজেপির কাছে।”
বাংলায় কথা বলার জন্য ভিনরাজ্যে হামলা নিয়ে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, “বাংলাভাষা বললে পেটানো হচ্ছে, এটা ভুল কথা। এটুকু বলতে পারি। এই সরকার যেভাবে বাঙালিদের উপর অত্যাচার করছে, মহিলাদের উপর অত্যাচার করছে, সেটা বাংলার বাইরে আর কোনও রাজ্যে হয় না। আর ঝাড়খণ্ডে বা অন্য কোথাও এটা যদি হয়ে থাকে, তবে তদন্তের দরকার আছে। শাস্তি হওয়া দরকার।”