৫ ঘণ্টা ধরে পুলিশি জেরা! আর্থিক দুনীর্তি কাণ্ডে কেন বিপাশা বসুর নাম নিলেন রাজ কুন্দ্রা? – Bengali News | Raj kundra alleged fraud amount went to bipasha basu and neha dhupia as fees
৬০ কোটি টাকার আর্থিক দুনীর্তির মামলায় নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী শিল্পা শট্টির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা। সম্প্রতি ইকোনমিক অফেন্সেস উইং-এর তরফে প্রায় ৫ ঘণ্টা ধরে জেরা করা হয়েছে রাজ কুন্দ্রাকে। আর পুলিশি জেরার মুখে পড়েই রাজের মুখে এল বিপাশা বসু ও নেহা ধুপিয়ার নাম! তা হঠাৎ আর্থিক দুনীর্তি কাণ্ডে বিপাশা ও নেহার নাম কেন নিলেন রাজ?
সূত্রের খবর অনুযায়ী, আর্থিক দুনীর্তির মামলায় জিজ্ঞাসাবাদের সময় রাজ ওই দুই অভিনেত্রীর নাম নিয়েছেন। রাজের কথায়, ওই ৬০ কোটি টাকার কিছু অংশ দুই অভিনেত্রীর কাছে পারিশ্রমিক হিসাবে গিয়েছে। তাঁদের সঙ্গে প্রায় ২৫ কোটি টাকা লেনদেনের তথ্য হাতে এসেছে তদন্তকারী অফিসারদের কাছে। তবে এই নিয়ে এখনও পর্যন্ত বিপাশা বসু বা নেহা ধুপিয়ার কাছ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
তা ঠিক কী ঘটেছিল?
গত ১৪ আগস্ট মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখায় শিল্পা ও রাজের বিরুদ্ধে ৬০.৪৮ কোটি টাকার জালিয়াতির অভিযোগ করেছিলেন ব্যবসায়ী দীপক কোঠারি। জানা গিয়েছে, ব্যবসার নাম করে দীপকের কাছে অর্থ ধার করেছিলেন শিল্পা ও রাজ। সেই টাকা বিনিয়োগ করেছিলেন। সঙ্গে ব্যক্তিগত খরচের জন্যও ব্যবহার করা হচ্ছিল।
ব্যবসায়ী দীপক কোঠারির অভিযোগ, ব্যবসা বাড়ানোর নামে টাকা নিয়ে তা ব্যক্তিগত কাজে খরচ করেন তাঁরা। শুধু তাই নয়, টাকা ঋণ হিসেবে নিয়ে বিনিয়োগ হিসেবে দেখিয়ে কর বাঁচানোর পরিকল্পনাও করেছিলেন বলে অভিযোগ উঠেছে তারকা দম্পতির বিরুদ্ধে।