‘আমি এত সস্তা নই…’, কোটি টাকার অফার ফেরালেন তনুশ্রী দত্ত, হঠাৎ কী হল? – Bengali News | Tanushree dutta reveals she was offered rs 1 65 cr to do bigg boss
কয়েকদিন আগেই কাঁদতে কাঁদতে সোশাল মিডিয়ায় হেনস্থার অভিযোগ তুলে ভিডিয়ো শেয়ার করেন আশিক বানায়ে আপনে খ্য়াত বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। তনুশ্রীর সেই ভিডিয়ো নিয়ে সোশালপাড়া উত্তাল। নিন্দুকরা বলছেন, তনুশ্রীর এই ভিডিয়ো নাকি একেবারেই পাবলিসিটি স্টান্ট। বিগ বসে সুযোগ পাওয়ার জন্যই নাকি এমনটা করেছেন অভিনেত্রী। এতদিন এই বিষয় নিয়ে চুপই ছিলেন। তবে বিগ বস শুরু হতেই মুখ খুললেন তনুশ্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তনুশ্রী জানিয়েছেন, বিগবস থেকে নাকি তাঁকে ১ কোটি ৬৫ লক্ষ টাকা অফার করা হয়েছে। কিন্তু তিনি না করেছেন।
বলিউডের পর্দা থেকে অনেক দিন আগেই গায়েব তনুশ্রী। হাতে তাঁর না আছে সিনেমা, না আছে সিরিজ। কোনও ফিল্মি পার্টিতেও দেখা যায় না তনুশ্রীকে। তবে তনুশ্রী বার বার ফিরে আসেন নানা বিতর্কে, সোশাল মিডিয়া ট্রোলে। আর এবার বিগবসের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী।
তনুশ্রীর কথায়, গত ১১ বছর ধরে বিগবসের ঘরে যাওয়ার জন্য আমাকে অফার দেওয়া হচ্ছে। এক কোটি ৬৫ লাখ টাকাও অফার দিয়েছে তাঁরা। কিন্তু আমি না করেছি। তাঁদের চিৎকার করে বলেছি, আমি এত সস্তা নই! আমাকে এত সস্তা ভাববেন না! এসব বন্ধ করুন। বিগবসের ঘরে যা ঘটে, তা অনৈতিক। কোনও অনৈতিক কাজে আমি নেই। নিজেকে ছোট করে টাকা রোজগার করতে চাই না।
২০০৫ সালে মুক্তি পাওয়া ছবি ‘আশিক বনায়ে আপনে’ হইচই ফেলে দিয়েছিল বলিউডে। বিশেষ করে এই ছবির টাইটেল গানের সাহসী দৃশ্যায়ণ সে সময় যুবক-যুবতীকে নতুন প্রেমের স্বাদ দিয়েছিল। ইদানীং যে দৃশ্য মোবাইলে সহজলভ্য, সেই সময়, সিনেপর্দায় তার থেকেও সাহসী হয়েছিলেন তনুশ্রী ও ইমরান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই গানের দৃশ্যায়ণ নিয়ে কথা বলতে গিয়ে এক আজব ঘটনা শোনালেন তনুশ্রী। যা নিয়ে ফের তোলপাড় উঠল আরব সাগরের তীরে।