Manoj Tiwari: মনোজ তিওয়ারির ঠিকানা ভুল! 'ভুয়ো ভোটার' বলে অভিযোগ তুলল বিজেপি - Bengali News | BJP raises question over TMC MLA Manoj Tiwari's address - 24 Ghanta Bangla News
Home

Manoj Tiwari: মনোজ তিওয়ারির ঠিকানা ভুল! ‘ভুয়ো ভোটার’ বলে অভিযোগ তুলল বিজেপি – Bengali News | BJP raises question over TMC MLA Manoj Tiwari’s address

Spread the love

হাওড়া: এবার ভুয়ো ভোটার হিসেবে নাম থাকার অভিযোগ উঠল খোদ রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির বিরুদ্ধে। যে ঠিকানায় তিনি থাকেন না, সেই ঠিকানার কথা কেন লেখা হল মনোনয়নে! প্রশ্ন তুলেছে বিজেপি। অন্যদিকে, মন্ত্রীর দাবি, পুরনো নথি জমা দেওয়ায় ওই ঠিকানা রয়ে গিয়েছে।

শনিবার ভুয়ো ভোটার খুঁজতে হাওড়ার তেলকল ঘাট রেল কোয়ার্টারে যান বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই ও বিজেপি কর্মীরা। তাঁরা যখন হাওড়া তেলকল ঘাট রেল কোয়ার্টারে ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির ফ্ল্যাটের ঠিকানায় যান তখন তাঁরা দেখেন ওই ফ্ল্যাটে মন্ত্রী থাকেন না। ওই ফ্ল্যাটে থাকে অন্য পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এলাকার তৃণমূল কর্মীরাও। তখন তাঁদের সঙ্গে শুরু হয় বচসা।

মনোজ তিওয়ারির বাবা রেলে চাকরি করতেন। সেই সুবাদে কয়েক বছর আগে মনোজ তিওয়ারি এখানেই থাকতেন। কিন্তু তাঁর বাবা অবসর গ্রহণ করার পর ওই ফ্ল্যাট ছেড়ে চলে যান মনোজ ও তাঁর পরিবার। তাঁর বাবা প্রায় আট বছর আগে মারা গিয়েছেন। অথচ ২০২১ সালে ভোটার মনোনয়নপত্রে তিনি ওই ঠিকানা ব্যবহার করেছেন বলে অভিযোগ বিজেপির। যা সম্পূর্ণ বেআইনি বলে দাবি বিরোধীদের।

বিজেপির আরও প্রশ্ন, মনোজ দীর্ঘদিন ওই ঠিকানায় থাকেন না। তাই কীভাবে সেখানকার ভোটার লিস্টে তাঁর এবং তাঁর ভাই রাজকুমার তিওয়ারির নাম থাকে? বিজেপির দাবি, মন্ত্রী আসলে ‘ভুয়ো ভোটার’। এই বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে বলে জানান উমেশ রাই। অন্যদিকে এই ঘটনায় তীব্র বচসা শুরু হয় স্থানীয় তৃণমূল নেতা ও বিজেপির নেতা-কর্মীদের মধ্যে।

কেন বিনা অনুমতিতে এখানে এসেছে বিজেপিকর্মীরা এই প্রশ্ন তুলে সরব হয় তৃণমূল। বিজেপি বিরোধী স্লোগান দিতে থাকেন তাঁরা। পাল্টা স্লোগান দেয় বিজেপিও। তৃণমূলের দাবি, মনোজ তিওয়ারি দীর্ঘদিন ওই ঠিকানায় থাকতেন। সেখানেই তাঁর বেড়ে ওঠা। তাঁর পরিবারের লোকেরা প্রায়ই যেতেন সেখানে। বিজেপি মিথ্যা অভিযোগ করছে বলে দাবি তৃণমূলের।

এই বিষয়ে মন্ত্রী মনোজ তিওয়ারির সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, নির্বাচন লড়ার সময় তিনি পুরনো নথি জমা দিয়েছিলেন। তাই ভোটার লিস্টে নাম রয়ে গিয়েছে। এবারে তিনি তাঁর নতুন ঠিকানা দিয়ে দেবেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *