Sushila Karki: মধ্য রাত পর্যন্ত বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত, সুশীলা কারকি সামলাবেন নেপাল, আজই শপথ - Bengali News | Sushila Karki to be Interim Chief of Nepal, May Take Oath Today After Night long Meeting - 24 Ghanta Bangla News
Home

Sushila Karki: মধ্য রাত পর্যন্ত বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত, সুশীলা কারকি সামলাবেন নেপাল, আজই শপথ – Bengali News | Sushila Karki to be Interim Chief of Nepal, May Take Oath Today After Night long Meeting

কাঠমাণ্ডু: অশান্ত নেপালে আবার কি ফিরবে শান্তি? জেন-জ়ি আন্দোলনের জেরে উপড়ে ফেলা হয়েছে ওলি সরকারকে। এখন সেনার শাসনে নেপাল। ঠিক বাংলাদেশের পথে হেঁটেই অন্তর্বর্তী সরকার গঠন করে আপাতত দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাইছে নেপাল। তবে সেই সরকারের প্রধান হবেন কে, তা নিয়েই বিস্তর ঝামেলা হচ্ছিল। অবশেষে সুশীলা কারকির নামেই পড়ল সিলমোহর। আজ, শুক্রবারই নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ গ্রহণ করতে পারেন নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি। 

সোশ্যাল মিডিয়া ব্যান ও সরকারের অন্দরে বিপুল দুর্নীতির জেরেই নেপালে জেন-জ়ি-রা আন্দোলনে নামে। প্রবল চাপে পড়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন কেপি শর্মা ওলি। পদ ছাড়েন বাকি মন্ত্রীরাও। এই পরিস্থিতিতে জেন-জ়ি আন্দোলনকারীরা সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার গঠন করার। তবে সেই সরকারের প্রধান কে হবেন, তা নিয়েই জল্পনা তৈরি হয়েছিল। প্রথমে শোনা গিয়েছিল কাঠমাণ্ডুর মেয়র তথা র‌্যাপার বালেন্দ্র শাহের নাম। তবে তিনি সাফ জানিয়ে দেন যে তিনি এই দায়িত্ব নেবেন না। এরপরই উঠে আসে সুশীলা কারকির নাম।

নেপালের প্রথম ও একমাত্র মহিলা প্রধান বিচারপতি সুশীলা কারকি। তাঁর সঙ্গে ভারতের যোগও রয়েছে। তিনি বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন। ভারতের সঙ্গে নানা স্মৃতি জড়িয়ে তাঁর। ভারত সম্পর্কে ইতিবাচক মন্তব্যই করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও প্রশংসা করছিলেন। তবে সুশীলাকে সমর্থন নিয়ে জেন-জ়ি আন্দোলনকারীদের মধ্যেই মারপিট লেগে যায়।

গতকাল মাঝে উঠে আসে কুলমান ঘিসিংয়ের নামও। নেপালের ইলেকট্রিসিটি অথরিটি-র প্রাক্তন এক্সিকিউটিভ তিনি। নেপালের দীর্ঘদিনের বিদ্যুতের সমস্যা মেটানোয় কুলমানের ভূমিকা অনস্বীকার্য। তবে শেষ পর্যন্ত আবার উঠে এল সুশীলা কারকির নামই। সিলমোহরও পড়ল তাঁর নামে। 

 শোনা গিয়েছে, গতকাল মধ্যরাত পর্যন্ত রাষ্ট্রপতির বাড়িতে বৈঠক চলে। উপস্থিত ছিলেন সেনা প্রধান ও সুশীলা কারকি। সেখানেই অন্তর্বর্তী সরকারের প্রধান পদে দায়িত্ব গ্রহণে রাজি হন সুশীলা। সূত্রের খবর, আজ দুপুরেই শপথ গ্রহণ করতে পারেন সুশীলা কারকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *