SIR: চলতি মাসেই বাংলায় জ্ঞানেশ ভারতী, অক্টোবরেই বাংলায় SIR? – Bengali News | Sir: Gyanesh Bharati in Bengali this month, SIR in Bengali in October?
কলকাতা: রাজ্যে SIR এর পরিস্থিতি খতিয়ে দেখতে চলতি মাসেই আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। সূত্রের খবর, আগামী ১৭ সেপ্টেম্বর তাঁর বাংলায় আসার সম্ভবনা। রাজ্যের বিভিন্ন জেলা পরিদর্শন করতে পারেন তিনি। অনেকেই মনে করছেন, তাতে অক্টোবর মাসেই বাংলায় SIR প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
SIR-এ নাগরিকত্বের পরিচয়পত্র হিসাবে স্বাস্থ্য সাথী কার্ডকেও গণ্য করার দাবি জানিয়েছিল রাজ্য। ইতিমধ্যেই এই দাবি জানিয়েছিলেন নির্বাচন কমিশনকে চিঠি করেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। গত মঙ্গলবারই নির্বাচন কমিশনের কাছে এই চিঠি পৌঁছেছে। তাতে মুখ্যসচিবের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনটি কার্ড অর্থাৎ স্বাস্থ্য সাথী, রেশন ও আধার কার্ডকেও নাগরিকত্বের প্রমাণের নথির তালিকায় যুক্ত করতে হবে। যদিও সেই আবেদন খারিজ করে দেয় নির্বাচন কমিশন।
বিহারের পর এবার সারা দেশেই SIR চালু করার পথে জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে হবে সব রাজ্যকে। অক্টোবরে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। তারপরই শুরু হতে পারে ভোটার তালিকা সংশোধনের কাজ। তবে নির্দিষ্ট করে কোনও দিনক্ষণ এখনও জানায়নি কমিশন।
বুধবার সব রাজ্যের CEO-দের সঙ্গে বৈঠকে বসেন জাতীয় মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার। এই বৈঠকেই সমস্ত CEO-দের নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। পাঁচ রাজ্য—পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল ও পন্ডিচেরি—আগামী বছরে ভোট, ফলে এই রাজ্যগুলিতে এসআইআর আগে চালু হওয়ার সম্ভাবনা প্রবল।