Fortress on Wheels: যেন চলন্ত এক দুর্গ, বিমানের বদলে এই ট্রেনেই সফর করা পছন্দ করেন উত্তর কোরিয়ার কিম? – Bengali News | Fortress on Wheels: Like a moving fortress, does North Korea’s Kim prefer to travel by train instead of plane?
উত্তর কোরিয়ার শাসক কিম জং উন একাধিক বিদেশ সফরে ট্রেন ব্যবহার করেন। অনেকেই ভাবেন, তিনি হয়তো বিমানে চড়তে ভয় পান, সেই কারণেই বিমানের বদলে ট্রেনে চড়া পছন্দ করেন তিনি। কিন্তু কিমের এই ট্রেনে চড়ার আসল কারণ হল নিরাপত্তা, ঐতিহ্য ও বিলাসিতা।
কিমের এই বিশেষ ট্রেনটির নাম ‘দ্য সান ট্রেন’। এটি কোনও সাধারণ ট্রেন নয়। বলা যেতে পারে এটি একটি চলন্ত দুর্গ। এর কামরাগুলি বুলেটপ্রুফ। এতে থাকে ভারী অস্ত্রশস্ত্রও। নিরাপত্তার জন্য ট্রেনের গতি থাকে ঘণ্টায় মাত্র ৬০ কিলোমিটার। সুরক্ষার পাশাপাশি এটি কিমের চলন্ত দপ্তর এবং প্রাসাদও বটে।
কিম জং-উনের বাবা কিম জং-ইল এই ট্রেন ব্যবহার করা শুরু করেছিলেন। শোনা যায়, তিনি নাকি বিমানে চড়তে ভয় পেতেন। কিম জং উন বিমানে চড়তে ভয় না পেলেও, রাশিয়া বা চিনের মতো গুরুত্বপূর্ণ সফরে তিনি এই ট্রেনে চড়ে যাওয়াই পছন্দ করেন। অন্য দিক দিয়ে এই ট্রেন কিম বংশের শাসনের ধারাবাহিকতার প্রতীকও বটে।
শোনা যায় এই ট্রেনের ভিতরে রয়েছে বিলাসবহুল আয়োজন। ফরাসি ওয়াইন থেকে শুরু করে বিভিন্ন দেশের সেরা খাবার পরিবেশন করা হয় এই ট্রেনে। এমনকি কিমের নিজস্ব বুলেটপ্রুফ লিমুজিন গাড়ি, যেমন মার্সিডিজ বা পুতিনের উপহার দেওয়া অরাস সেনেট বহন করার জন্যও আলাদা জায়গা রয়েছে এই ট্রেনে।
আসলে এই ট্রেনটি শুধু একটি যানবাহন নয়। এটি কিমের ক্ষমতা, গোপনীয়তা এবং বিশ্বের মঞ্চে নিজেকে শক্তিশালী হিসেবে তুলে ধরার একটি প্রতীক।