Delhi High Court Bomb Threat: রাহুল গান্ধী-স্ট্যালিনের নাম করে ইমেল, দিল্লি হাইকোর্টে ৩টি বোমা রাখার হুমকি – Bengali News | Bomb Threat in Delhi High Court, Judges Left Court room, Bomb Squad Searching
দিল্লি হাইকোর্টে বোমাতঙ্ক।Image Credit: TV9 বাংলা
নয়া দিল্লি: দিল্লি হাইকোর্টে বোমাতঙ্ক। আদালত চলাকালীন একাধিক বেঞ্চের বিচারপতিরা হঠাৎ করেই মামলার শুনানি মুলতুবি করে বেঞ্চ থেকে উঠে যান। শুনানি মুলতুবির কোনও কারণ উল্লেখ করেননি কোনও বিচারপতি। স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হয় আদালত চত্বরে। সূত্রের খবর, আদালতের অভ্যন্তরে বিস্ফোরণ ঘটানোর হুমকি ই-মেল এসেছে। আদালত চত্বরের নিরাপত্তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।
সূত্রের খবর, দিল্লি হাইকোর্টে বড়সড় নাশকতার হুমকি দেওয়া হয়। দুপুর দু’টোর মধ্যে দিল্লি হাইকোর্টের বিচারপতিদের চেম্বার ফাঁকা করে দেওয়ার হুমকি দিয়ে মেল করা হয়েছে। যে ব্যক্তি ইমেইল পাঠিয়েছেন, তার নাম তেভদিয়া কানিমঝি। ইমেলে বলা হয়, আইইডি কোথায় রাখা আছে এবং তা নিষ্ক্রিয় করার জন্য কোড লাগবে। এর জন্য সত্যবামা সেনগোত্তায়ন নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এই ব্যক্তির মোবাইল নাম্বার উল্লেখ করা হয়েছে ই-মেইলে।
দিল্লি হাইকোর্টে বোমাতঙ্কের ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত। হুমকি ই-মেইলে উঠে আসছে তামিলনাড়ু রাজ্য রাজনীতি সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য। তামিলনাড়ু থেকে কোনও ব্যক্তি বা সংগঠন পাকিস্তানের আইএসআইয়ের সহযোগিতা নিয়ে এই ঘটনা ঘটাচ্ছে বলে ই-মেইলে দাবি করা হয়েছে।
ওই ইমেলে দেশে আরএসএস এবং বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য তথাকথিত ধর্মনিরপেক্ষ নেতারা প্রত্যেকেই পরিবারতান্ত্রিক এবং দুর্নীতিগ্রস্ত বলে উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে উল্লেখ করা হয়েছে রাহুল গান্ধী এবং ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনের নাম। পরিবারতান্ত্রিক এই নেতাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে ই-মেলে।
চলতি সপ্তাহেই উদয়নিধি স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিনের উপর অ্যাসিড হামলা চালানোর হুমকিও দেওয়া হয়েছে।
ইতিমধ্য়েই দিল্লি হাইকোর্ট চত্বরে পৌঁছেছে বম্ব স্কোয়াড। দিল্লি পুলিশের তরফে অ্যালার্ট করা হয়েছে অন্যান্য এজেন্সিকেও।