Dakshineswar Metro: ‘যাত্রীদের ভয় পাওয়ার কোনও কারণ নেই’, দক্ষিণেশ্বর স্টেশনে ছাত্র খুনে মুখ খুলল মেট্রো কর্তৃপক্ষ – Bengali News | Dakshineswar metro: ‘Passengers have no reason to fear’, Metro authorities open up about student murder at Dakshineswar station
ঘটনাস্থলে ফরেন্সিক টিমImage Credit: TV9 Bangla
কলকাতা: দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে এক ছাত্রকে কুপিয়ে খুনের অভিযোগ তারই সহপাঠীদের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রশ্ন ওঠে মেট্রোয় যাত্রী নিরাপত্তা নিয়ে। কীভাবে মেট্রো স্টেশনে ছুরি নিয়ে কেউ প্রবেশ করতে পারল? এবার এই নিয়ে মুখ খুলল মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর তরফে বিবৃতি দিয়ে জানানো হল, অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা। তবে এমন একটি জায়গায় ঘটনাটি ঘটেছে, যেখানে প্রবেশের জন্য টিকিটের প্রয়োজন হয় না। উল্লেখ্য, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের বাইরে ঘটনাটি ঘটেছে। মেট্রোর বক্তব্য, দুর্ঘটনার পর মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে দ্রুত পদক্ষেপ করা হয়েছে। তবে যাত্রী নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন উঠছে, তার প্রেক্ষিতে মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য, এই ঘটনার জন্য মেট্রো চলাচলের ক্ষেত্রে যাত্রীদের চিন্তার কোনও কারণ নেই।
শুক্রবার দুপুরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে টিকিট কাউন্টারের বাইরে বাগবাজার বয়েজ স্কুলের এক ছাত্রকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দুপুর তিনটের আশপাশে ঘটনাটি ঘটেছে। টিকিট কাউন্টারের সামনেই দুই ছাত্রদলের সংঘর্ষ হয়। কিছু বুঝে ওঠার আগে আচমকাই এক ছাত্র ব্যাগ থেকে ছুরি বার করে অপর ছাত্রের গলায় চালিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সে।
বাকিদের চিৎকার চেঁচামেচিতেই গুটি কয়েক যাত্রী, রেল পুলিশ, আরপিএফ, ছুটে যান। দ্রুত তাঁকে উদ্ধার করে সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকরা জানাচ্ছেন, অতিরিক্ত রক্তক্ষরণের জেরে মৃত্যু হয়েছে ওই ছাত্রের। ঘটনায় ওই ছাত্রেরই তিন সহপাঠীকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রণয়ঘটিত কারণেই এই ঘটনা।