Nepal Tension: ওপারে জ্বলছে আগুন, সীমান্তে কী পরিস্থিতি? SSB-র কাছে জানতে চাইল স্বরাষ্ট্র মন্ত্রক - Bengali News | Nepal Tension: Home Ministry Asks SSB about India Nepal Border Amid Infiltration Attempt by Prisoners - 24 Ghanta Bangla News
Home

Nepal Tension: ওপারে জ্বলছে আগুন, সীমান্তে কী পরিস্থিতি? SSB-র কাছে জানতে চাইল স্বরাষ্ট্র মন্ত্রক – Bengali News | Nepal Tension: Home Ministry Asks SSB about India Nepal Border Amid Infiltration Attempt by Prisoners

সীমান্তে পাহারায় এসএসবি।Image Credit: PTI

নয়া দিল্লি: উত্তেজনায় ফুটছে নেপাল (Nepal)। অশান্তির আগুন জ্বলছে চারিদিকে। জনতার রোষের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন কেপি শর্মা ওলি। ভেঙে দেওয়া হয়েছে সরকার। বর্তমানে সেনার হাতেই দেশের শাসনভার। এই পরিস্থিতিতে ভারতেও শঙ্কার মেঘ জমছে। নেপাল থেকে অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন জেল পালানো বন্দি ভারতে ঢুকে পড়েছিল। তাদের হাতেনাতে ধরেছে সশস্ত্র সীমা বল বা এসএসবি। এবার সীমান্ত পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য জানতে চাইল স্বরাষ্ট্র মন্ত্রক।

সশস্ত্র সীমা বল বা এসএসবি’র কাছে সীমান্ত পরিস্থিতি বর্তমানে কী, তা নিয়ে বিস্তারিত জানতে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। নেপাল সীমা পাহারায় কোথাও কোনও ত্রুটি থাকছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।

গত দেড়-দুই দিনে নেপালের জেল ভেঙে পালানো একাধিক অপরাধীরা ভারতে ঢুকে পড়েছে। পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, বিহার থেকে মোট ৩৫ জন অনুপ্রবেশকারীকে ধরেছে এসএসবি। এরপরই এসএসবিকে আরও বাড়তি বাহিনী মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে।

প্রয়োজনে আইটিবিপি জওয়ানদের সাহায্য নেওয়ার ভাবনাও রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তাদের মাথায়। তবে তা খুব বড় পর্যায় বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলেই করা হবে, এমনটাই সূত্রের খবর।

প্রসঙ্গত, ভারতের মোট পাঁচটি রাজ্যের সঙ্গে সীমান্ত ভাগ করে নেপাল। মোট সীমান্ত ১৭৫১ কিলোমিটার। এর মধ্যে উত্তর প্রদেশের ৬৫১ কিলোমিটার, বিহারের ৭২৬ কিলোমিটার,  উত্তরাখণ্ড ১৭৩ কিলোমিটার, পশ্চিমবঙ্গের ৯৬ কিলোমিটার এবং সিকিমের সঙ্গে ৯৯ কিলোমিটার সীমান্ত ভাগ করে। এই গোটা অংশই সশস্ত্র সীমা বলের নিয়ন্ত্রণে।

তবে দীর্ঘ বেড়াহীন এই সীমান্ত নেপালে অভ্যন্তরীণ পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় কোনভাবেই জঙ্গিদের অনুপ্রবেশের ভরকেন্দ্র যাতে না হয়ে ওঠে, তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রক সতর্ক করেছে এসএসবিকে। আর এরই অন্যতম অঙ্গ হিসাবে এদিন সীমান্ত পরিস্থিতি বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে এসএসবির কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *