AMCA Jet Engine: ফ্রান্সের হাত ধরে এবার আকাশে উড়বে ভারতের পঞ্চম প্রজন্মের ‘আত্মনির্ভর’ যুদ্ধবিমান? – Bengali News | AMCA Jet Engine: Will India’s fifth generation ‘self reliant’ fighter jet take to the skies with the help of France?
প্রতিরক্ষায় এবার নতুন পদক্ষেপ নিতে চলেছে ভারত। লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর ভাষণের পরই এই বিষয়টা প্রায় স্পষ্ট হয়ে যায়। আর সেই পদক্ষেপের ফলে, একাধিক লাল ফিতের ফাঁস কাটিয়ে দেশেই তৈরি হবে যুদ্ধবিমানের ইঞ্জিন। আর এই অসম্ভবকে সম্ভব করতে ভারতের হাত ধরেছে ফ্রান্স।
সূত্রের খবর, ফরাসি সংস্থা Safran ও DRDO-র যৌথ উদ্যোগে তৈরি হবে ১২০ কিলো নিউটন শক্তির এই শক্তিশালী ইঞ্জিন। এটি ভারতের ভবিষ্যৎ প্রজন্মের যুদ্ধবিমান Advanced Medium Combat Aircraft বা AMCA-কে আকাশে ঝড় তোলার ক্ষমতা দেবে। এ ছাড়াও ভারতে তৈরি তেজস যুদ্ধবিমানের ইঞ্জিন এখনও বিদেশ থেকেই কিনতে হয় আমাদের। এই চুক্তি সফল হলে, তেজসের জন্য প্রয়োজনীয় ইঞ্জিনেরও অভাব হবে না। চুক্তি অনুযায়ী, ফ্রান্স ইঞ্জিনের ১০০ শতাংশ প্রযুক্তি হস্তান্তর করবে। এই ইঞ্জিনে অত্যাধুনিক ক্রিস্টাল ব্লেড টেকনোলজি থাকার কথা জানা গিয়েছে।
কেন এই চুক্তি এত গুরুত্বপূর্ণ? কারণ, আমেরিকা যেখানে GE ইঞ্জিনের মাত্র ৭০ শতাংশ প্রযুক্তি দিতে রাজি, সেখানে ফ্রান্স সম্পূর্ণ প্রযুক্তি ভারতের হাতে তুলে দিচ্ছে। এমনকি চিনও এখনও নিজেদের যুদ্ধবিমানের ইঞ্জিন বানাতে পারেনি। এই সাফল্য ভারতকে প্রতিরক্ষা প্রযুক্তিতে বিশ্বের প্রথম সারিতে নিয়ে আসবে।
এই বিশাল প্রকল্পে টাটা, L&T ও আদানি ডিফেন্সের মতো সংস্থাগুলিও যুক্ত হতে প্রস্তুত। এই চুক্তি সফল হলে শুধু বায়ুসেনা নয়, নৌবাহিনীর বিমানবাহী জাহাজের শক্তিও বহুগুণ বাড়বে। বিদেশের উপর নির্ভরতা কমিয়ে ভারত ‘আত্মনির্ভর’ হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে।