SIR: শেষ SIR-এ ভোটার কত? দেশের সব CEO-দের থেকে জানবেন জ্ঞানেশ কুমার – Bengali News | How many voters were there in the last SIR? Gyanesh Kumar will find out from all the CEOs of the country
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার Image Credit: TV9 Bangla
কলকাতা: দেশের সব সিইওদের সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বিহার থেকেই শিখতে চায় গোটা দেশ। তাই বিহারের সিইও SIR নিয়ে যাবতীয় তথ্য দেবেন দেশের সব সিইওদের। এ রাজ্যের যাবতীয় প্রস্তুতি জানাবেন সিইও মনোজ আগারওয়াল। শেষ SIR এ কত ভোটার জানাবেন সিইও। স্পেশাল ইনটেনসিভ রিভিশন অর্থাৎ SIR নিয়ে সিইও দফতর কতটা প্রস্তুত, তা আলোচনা করতেই এই বৈঠক। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনে শুরু হয়েছে বৈঠক। চলবে রাত পর্যন্ত।
এদিকে, বাংলায় এই আবহে ভোটার তালিকা যাচাই করতে তৎপর নির্বাচন কমিশন। সূত্রের খবর, মার্চ থেকে মে তিন মাসে কমিশনের কাছে জমা পড়েছে নতুন ভোটারের বিপুল আবেদন। অনেকেই ফর্ম 6 ও ফর্ম 8- এ আবেদন করছেন। ফর্ম 6 হচ্ছে নতুন আবেদন ও ফর্ম 8 হচ্ছে নতুন আবেদন। কিন্তু সবথেকে উল্লেখ্যযোগ্য বিষয় হল, এত ভূরি ভূরি আবেদন জমা পড়ছে বটে, তবে তার মধ্যেও ঠিক নথি জমা দিতে না পারায়, আবেদন বাতিলও হচ্ছে ভূরি ভূরি। পরিসংখ্যান বলছে, মার্চ থেকে মে মাসে নতুন ভোটারের আবেদনের ৫০ শতাংশের বেশি বাতিল করেছে কমিশন। মোট ২ লক্ষ ৩৩ হাজার আবেদনপত্র এসেছিল। সেখান থেকে ১ লক্ষ ১৬ হাজার আবেদনপত্র বাতিল করেছে কমিশন।
কমিশন সূত্রে খবর, আবেদন বেশি এসেছে বাংলার সীমান্তবর্তী জেলা, মালদহ, মুর্শিদাবাদ ও দুই ২৪ পরগনা থেকে। কিন্তু কেবল মুর্শিদাবাদ থেকে ৩০ হাজার, দুই ২৪ পরগনা থেকে ২০ ও ২৫ হাজার আবেদনপত্র বাতিল হয়েছে। নির্বাচন কমিশনের বক্তব্য, ফর্মে বেশ কয়েকটি কলাম দেওয়া হয়েছে, কয়েকটি নথিও চাওয়া হয়েছে। সেই সবগুলিকে অবশ্যইভাবে পূরণ করতে হবে। মাত্র তিন মাসে এক লক্ষেরও বেশি আবেদনপত্র বাতিল হওয়ায়, বিশ্লেষকরা মনে করছেন, SIR আবহে কমিশন একেবারে ছাঁকনি দিয়ে মেপে মেপে নিচ্ছে সমস্ত বিষয়গুলো।