Indian Space Research Organisation: ‘Operation Sindoor’-এ Pakistan-এর বিরুদ্ধে লড়াই করেছে ISRO-ও! – Bengali News | Indian Space Research Organisation: Not only Indian Armed Forces, ISRO also fought against Pakistan in ‘Operation Sindoor’!
ভারতের উপর কোনও ধরণের ন্যাক্কারজনক আক্রমণ হলে কীভাবে তার জবাব দিতে হয় তা ‘অপারেশন সিঁদুর’-এ দেখিয়ে দিয়েছে ভারতীয় সেনা। জলে, স্থলে ও অন্তরীক্ষে পাকিস্তানকে নাস্তানাবুদ করে ছেড়েছিল ভারতের ৩ সেনা। তবে পাকিস্তানের বিরুদ্ধে শুধু ভারতের সেনাবাহিনী লড়াই করেছিল, এই কথা ভাবলে ভুল ভাবা হবে। পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’-এ লড়াই করেছিল আমাদের দেশের বিজ্ঞানীরাও।
৯ সেপ্টেম্বর মঙ্গলবার ইসরোর চেয়ারপার্সন ভি নারায়ণন এক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করলেন। ভারতের জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখে ‘অপারেশন সিঁদুর’-এর সময় ৪০০-র বেশি বিজ্ঞানী দিনরাত এক করে কাজ করেছেন। স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া জরুরি তথ্য তাঁরা তুলে দিয়েছেন সেনাবাহিনীর হাতে।
অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের ৫২তম জাতীয় কনভেনশনে তিনি ভাষণ দেন। সেখানেই নারায়ণন বলেন, ‘অপারেশনের সময় আমাদের সব স্যাটেলাইট ২৪x৭ নিখুঁতভাবে কাজ করেছে’। এই মিশনে আর্থ অবজারভেশন ও কমিউনিকেশন স্যাটেলাইট ব্যবহার করা হয়েছিল।
আধুনিক যুদ্ধে মহাকাশ প্রযুক্তির ভূমিকা এখন স্পষ্ট। এই অপারেশনে ড্রোন ও ভারতে তৈরি আকাশ তীর এয়ার ডিফেন্স সিস্টেমের মতো প্রযুক্তিও ব্যবহৃত হয়েছে।
একইসাথে এদিনের ভাষণে গগনযান প্রকল্প নিয়েও বড় আপডেট দেন ইসরো প্রধান। তিনি জানান, ২০২৭ সালের মধ্যে মানুষসহ মহাকাশযান পাঠানোর লক্ষ্যে ৭ হাজার ৭০০টি গ্রাউন্ড টেস্ট সম্পন্ন হয়েছে। আরও ২ হাজার ৩০০টি পরীক্ষা বাকি আছে। এই বছরের ডিসেম্বরেই প্রথম চালকবিহীন মিশনটি পাঠানো হতে পারে। তবে সব শেষে এ কথা বলাই যায়, সে ‘অপারেশন সিঁদুর’-এর এই সাফল্য ভারতের মহাকাশ গবেষণা ও প্রতিরক্ষা সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল।