Hooghly: বাঁশবাগানে উঁকি দিতেই চমকে গেলেন শ্রমিকরা, তারপর… – Bengali News | Woman dead body found from road side forest in Hooghly
বাঁশ বাগানের ঝোপ থেকে উদ্ধার হয় মহিলার মৃতদেহImage Credit: TV9 Bangla
চন্দননগর: রাস্তার পাশে বাঁশের ঝোপ। আর সেই ঝোপ থেকে উদ্ধার হল মহিলার মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হুগলির চন্দননগরের নবগ্রামে। মৃত মহিলার পরিচয় জানা যায়নি। স্থানীয় বাসিন্দারা মৃত মহিলাকে চিনতে পারেননি। ওই মহিলার বাড়ি অন্য জায়গায় বলে মনে করছে পুলিশ। সেক্ষেত্রে নবগ্রামে বাঁশবাগানে তাঁর দেহ কীভাবে এল, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ভদ্রেশ্বর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
চন্দননগর পৌরনিগমের ২৯ নম্বর ওয়ার্ডের নবগ্রামে চন্দননগর স্টেশন রোডের পাশে একটি বাঁশবাগানে এদিন মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখতে পাওয়া যায়। বাঁশবাগানের পাশের একটি বিল্ডার্সের পাথর তোলার কাজ করছিলেন শ্রমিকরা। তাঁরাই প্রথম মৃতদেহ দেখতে পান। খবর দেওয়া হয় ভদ্রেশ্বর থানায়। পুলিশ এসে মৃতদেহের ভিডিয়োগ্রাফি করে। শ্রমিকরা বলেন, মৃতদেহ দেখে তাঁরা প্রথমে ভয় পেয়ে গিয়েছিলেন।
মহিলার পরনে শাড়ি, দুই হাতে নোয়া রয়েছে। মৃতদেহের পাশে একটি বটুয়া ছিল। তাতে কিছু খুচরো পয়সা ছিল। দেহ থেকে কয়েক হাত দূরে কার্বলিক অ্যাসিডের শিশি পাওয়া গিয়েছে। আর মৃতদেহের পাশে ছিপি পড়ে ছিল। মহিলাকে আগে দেখেননি স্থানীয় বাসিন্দারা। তাঁদের অনুমান, বাইরে থেকে এসেছিলেন ওই মহিলা। প্রাথমিকভাবে শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। খুন না আত্মহত্যা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।