Malda TMCP: প্রতিবাদ করতে গিয়ে কবিগুরুর ছবি পোড়ানোর অভিযোগ, গ্রেফতার TMCP নেতা সোয়েল – Bengali News | TMCP leader Soel arrested for burning rabindra nath tagore picture
মালদহ: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগ TMCP-র বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদে পথে নামে বিজেপি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সোমবারই বিক্ষোভ দেখায় পদ্ম শিবির। এবার এই ঘটনায় তৎপর পুলিশ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগে গ্রেফতার তৃণমূল ছাত্রনেতা এ বি সোয়েল।
সোমবারই তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ। রাতেই তাঁকে গ্রেফতার করা হয়। ধৃত ওই বহিষ্কৃত ছাত্র নেতাকে আজ তোলা হবে মালদার চাঁচল মহকুমা আদালতে। জানা গিয়েছে, চাঁচল কলেজে তৃণমূল ছাত্র পরিষদ ইউনাইটেড সভাপতি পদে ছিলেন এ বি সোয়েল। গতকালই তাঁকে বহিষ্কারের পাশাপাশি টিএমসির কলেজ ইউনিট ভেঙে দেওয়া হয়। ওই কমিটিতে ছিলেন ৩০ জন।সোয়েল দুইবছর আগে সভাপতি হন। সে চাঁচল কলেজেরই পড়ুয়া। এবার ফাইনাল ইয়ার (সিক্স সেমেস্টার) পাশ কোর্সের ছাত্র। চাঁচল থানার পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। সেদিন যারা ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল,তাঁদের সনাক্ত করা হচ্ছে।
প্রসঙ্গত, মেয়ো রোডে তৃণমূলের মঞ্চ খুলে দিয়েছিল ভারতীয় সেনা। তার প্রতিবাদেই সরব হয় তৃণমূল ছাত্র পরিষদ। এই ঘটনার তীব্র ধিক্কার জানায় তারা। এর প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ মিছিল হয়। সেই মতোই চাঁচল কলেজে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ। অভিযোগ, তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি পোড়ানোর পাশাপাশি পোড়ানো হয় কবিগুরুর ছবিও। সেই ঘটনাতেই গ্রেফতার হয় সোয়েল। বস্তুত, বাঙালি ইস্যু নিয়ে একসময় এই মনীষীদের ছবি দিয়ে আন্দোলন করেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর দলেরই এই যুব নেতার এই কীর্তিতে প্রশ্ন তুলছে বিজেপি।