High Secondary Exam: ‘সব ওদের উপরেই কেন?’, উচ্চমাধ্যমিকের প্রথমদিনের পরীক্ষা মিটতেই সংসদ সভাপতিকে ঘিরে ধরলেন অভিভাবকরা – Bengali News | Wbchse holds first semester higher secondary exam students and parents question omr system
প্রশ্নের মুখে শিক্ষা সংসদের সভাপতিImage Credit: নিজস্ব চিত্র
কলকাতা: ‘সব ওদের উপরেই কেন?…’, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যকে দেখতেই ঘিরে ধরে এই প্রশ্নই ছুড়ে দিলেন উচ্চমাধ্য়মিক পরীক্ষার্থীদের অভিভাবকরা। সোমবার রাজ্যে প্রথমবার সিমেস্টার পদ্ধতিতে আয়োজিত হয়েছিল উচ্চমাধ্য়মিক। এদিন পরীক্ষা শেষে বেশ কয়েকটি কেন্দ্রে টহল দিতে যান উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তখনই তাঁকে ঘিরে ধরে অভিভাবকরা। বলেন, তাদের সমস্যার কথা।
একজন প্রশ্ন করলেন, ‘পরীক্ষার দু’মাস আগে বই পাওয়া গেল কেন? প্রথম থেকে বই নিয়ে খুব ভুগতে হয়েছে। কোথাও বই পাচ্ছিলাম না’ পাল্টা সভাপতি বললেন, ‘পড়ুয়াদের বই পেতে অসুবিধা হলে কাউন্সিলের অফিসে চলে আসবেন। এখানে একটা বইয়ের স্টল রয়েছে। আমরা ওটাকে বুক মার্ট বলি। ওখানে সব সময় বই পেয়ে যাবেন।’
এরপরেই পাশ থেকে আরও একজন অভিভাবক বলে ওঠেন, ‘২০২৫ সালের ব্যাচকেই সব ভুগতে হচ্ছে। OMR শিটে পরীক্ষা দিতে হচ্ছে। আবার মেশিনে মূল্যায়ন হবে। তার মধ্যে চারটে সিমেস্টার। বই পেলাম এত দেরিতে। সেপ্টেম্বরে পরীক্ষা, বই পাচ্ছি জুলাই মাসে। আমাদের ছেলেমেয়েদের সব ভুগতে হচ্ছে।’ যার পাল্টা সংসদ সভাপতি বলেন, ‘ভোগান্তি কেন বলছেন? এটা তো ভাল, নম্বর অনেক বেশি পাবে।’
পরিবর্তন হলে সামগ্রিক কিছু সমস্যা বলেই মত সংসদ সভাপতির। তাঁর দাবি, ‘১২ বছর পর পাঠ্য়ক্রমে বদল আনা হল। সমস্যা তো একটু হবেই। তবে পরীক্ষার্থীদের সব তো ঠিকই দেখলাম। মার্কস শেষ কথা বলবে। আর বই নিয়ে একটু সমস্যা হলেও, আমরা তো স্টাডি মেটেরিয়াল ইউটিউব চ্যানেলেই তুলে দিয়েছিলাম। যা আগে কখনও হয়নি। এবার প্রথম।’