Healthy Samosa Recipe: সিঙাড়া খেয়েও কমতে পারে ওজন, ভাল থাকবে স্বাস্থ্য! রইল স্পেশাল হেলদি সিঙাড়া রেসিপি – Bengali News | Healthy Special Singara or Samosa Recipe to cook at Home
সিঙাড়া বাঙালির অন্যতম প্রিয় খাবারগুলির মধ্যে একটি। এই সিঙাড়ার আবার রয়েছে আলাদা আলাদা ধরন। বাঙালি মিষ্টির দোকানে গেলে পাবেন ডুমো ডুমো করে কাটা আলু দিয়ে পুর। কোথাও আবার সঙ্গে থাকে খোসাশুদ্ধ আলু, সঙ্গে চিনা বাদাম। আবার অবাঙালি সিঙাড়ার পুরে আলু একদম ম্যাশ করে তৈরি হয় পুর। থাকে কসুরি মেথির ব্যবহার। এছাড়া রয়েছে চাউমিন দিয়ে চাইনিজ সিঙাড়া। মাংসের সিঙাড়া, নারকেলের সিঙাড়া আরও কত কিছু। এই সিঙাড়া দিয়ে বানানো যায় মুখোরোচক চাট। সন্ধে বেলা মুড়ির সঙ্গে দারুণ মানায় তাঁকে। মোটের উপর এই একটি সান্ধ্য স্ন্যাক্স ছাড়া চলবে না। সবচেয়ে বড় বিষয় হল, সিঙাড়া কিন্তু একা বাঙালির নয়, গোটা ভারত জুড়েই এর সমান গ্রহণযোগ্যতা। প্রত্যেক সিঙাড়ার রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য। কিন্তু যারা আবার স্বাস্থ্য সচেতন, তাঁরা অতিরিক্ত তেলে ভাজা, ময়দা থাকার কারণে পিছিয়ে যান সিঙাড়া খাওয়া থেকে। যদিও সিঙাড়া মানেই তা যে শরীরের জন্য খারাপ, তা নয়। বরং ঠিক করে বানালে এটিও হেলদি হতে পারে অনায়াসে। রইল সেই রেসিপি।
১। ভাজার বদলে বেক করুন – ডিপ-ফ্রাইয়ের পরিবর্তে বেক বা এয়ার-ফ্রাই করুন। এতে তেলের পরিমাণ কমে যাবে, তবুও সিঙাড়া হবে ক্রিস্পি ও সোনালি রঙের। ফলে বাড়তি ক্যালরি ছাড়াই ইচ্ছে মিটবে।
২। আটা বা মাল্টিগ্রেন ক্রাস্ট ব্যবহার করুন – ময়দার বদলে গমের আটা বা মাল্টিগ্রেন আটা ব্যবহার করলে ফাইবারের পরিমাণ বাড়বে। এতে সিঙাড়া বেশি পেট ভরাবে এবং হজমে সাহায্য করবে, আবার স্বাদও খুব বেশি পরিবর্তন হবে না।
৩। পুর – শুধু আলু নয়, সঙ্গে মটরশুঁটি, গাজর, পালং শাক বা ব্রকোলির মতো সবজিও ব্যবহার করতে পারেন। পুষ্টিগুণে ভরপুর এই সবজি সিঙাড়ায় এনে দেবে নতুন স্বাদ, টেক্সচার আর ভিটামিন, যা এটিকে করে তুলবে দ্বিগুণ হেলদি।
৪। প্রোটিন – পুরের মধ্যে পনির, ছোলা বা ডাল মেশান। এতে কার্বোহাইড্রেটের পাশাপাশি প্রোটিনও থাকবে, ফলে সিঙাড়া হবে আরও পুষ্টিকর ও পেটভরানো।
৫। মশলার ব্যবহার – অতিরিক্ত লবণ কমিয়ে জিরে, ধনে, হলুদ ও মরিচের মতো মশলা ব্যবহার করুন। এগুলো শুধু স্বাদ বাড়ায় না, হজমে সাহায্য করে ও প্রদাহ-রোধী গুণও যোগ করে।