‘আয় তবে সহচরী…’, শুভশ্রীকে চুমু মিমির, কোন শুটিংয়ে দু’ জনে? – Bengali News | Mimi Chakraborty and Subhashree Ganguly are the faces of an advertisement
মেকআপ ভ্যান। সেখানে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তিনি বললেন, ”বলিউডের যদি দীপিকা থাকে, আমাদের আছে মিমি”। সঙ্গে-সঙ্গে সেখানে মিমি চত্রবর্তীর প্রবেশ। তিনি শুভশ্রীকে দেখিয়ে বললেন, ”লেডি সুপারস্টারের সঙ্গে থাকুন।” এরপর শুভশ্রীর গালে চুমু খেলেন মিমি। মুহূর্তে সেই রিল ভাইরাল। রিলের প্ল্যানিং হয়ে গিয়েছিল আগের দিন সন্ধেবেলা। নিজেদের মধ্যে কথা বলে নিয়েছিলেন দুই নায়িকা। এই জুটিকে মিশু হ্যাশট্যাগ দিচ্ছেন অনুরাগীরা।
দুর্গাপুজো মানেই নজরকাড়া কিছু বিজ্ঞাপনে শহর মুড়ে যায়। আর এসব বিজ্ঞাপনের মুখ হন তাবড় তারকারা। ক্যাপ্টেন টিএমটি বারের বিজ্ঞাপনে এবার একসঙ্গে থাকছেন মিমি চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কয়েক বছর পিছিয়ে গেলে দেখা যাবে এই টিএমটি বারের বিজ্ঞাপনের মুখ ছিলেন মিমি চক্রবর্তী, নুসরত জাহান আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মিমি চক্রবর্তীকে দেখা গিয়েছিল দুর্গাপুজোর সময়ে বিভিন্ন হোর্ডিংয়ে। আবার শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেও দেখা গিয়েছিল। তবে একসঙ্গে দেখা যায়নি তাঁদের। এবার তাঁদের একসঙ্গে আনার তোড়জোড় করেছে নির্দিষ্ট সংস্থা।
লক্ষণীয় বাংলা ছবি এই মুহূর্তে শাসন করছেন কোন নায়িকারা, এই উত্তর খুঁজলে অন্যতম দু’ টি নাম হলো মিমি চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দুই নায়িকা একে-অন্যের কাজ নিয়েও প্রশংসা করতে ভোলেন না। এবার দুর্গাপুজোয় মুক্তি পাচ্ছে ‘রক্তবীজ টু’। সেখানে বিকিনি লুকে দেখা যাবে মিমিকে। TV9 বাংলাকে এক সাক্ষাত্কারে শুভশ্রী জানান, ”মিমিকে এই লুকে হট লাগছে”। দুর্গাপুজোয় বিভিন্ন ব্র্যান্ড এনডোর্সমেন্টের ক্ষেত্রেও এই দুই মুখের চাহিদা তুঙ্গে।
এবার মিমি-শুভশ্রী একসঙ্গে যে বিজ্ঞাপনের শুটিং করছেন, সেই ছবি থেকে চোখ ফেরানো যাবে না। প্রসঙ্গত, এক সময়ে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে মিমি চক্রবর্তীর প্রেম ছিল। পরবর্তী সময়ে পরিচালক রাজের বিয়ে হয় শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। রাজ আর শুভশ্রীর ভারি সুখের সংসার। মিমিও বিভিন্ন সময়ে দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। ৩ তারিখ দুই নায়িকার রিল বুঝিয়ে দিল এবার পুজোয় শহরে, দুই নায়িকার সখ্যই উত্সবের মেজাজ আনবে।