Tainted Candidate: ঘুষ আর সুদ-সহ বেতন ফেরাতে কত টাকা গচ্চা যাবে ‘দাগি’ চাকরিহারার? – Bengali News | How much money will the tainted candidate lose?
কলকাতা: দিব্যি চাকরি করছিলেন। ছাত্র-ছাত্রীদের পড়াচ্ছিলেন। মাস গেলে বেতন পেতেন। কিন্তু, এখন ‘দাগি’ হিসেবে চিহ্নিত শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কত টাকা গচ্ছা যাচ্ছে ‘দাগি’ শিক্ষক-শিক্ষিকাদের? আইনজীবী ফিরদৌস শামিম বলছেন, অন্যায়ভাবে যাঁদের নিয়োগ হয়েছে, তাঁদের কাছ থেকে গড়ে ১০ থেকে ১২ লক্ষ টাকা নেওয়া হয়েছে। আবার আদালত নির্দেশ দিয়েছে, চিহ্নিত দাগিরা এতদিন যত বেতন পেয়েছেন, ১২ শতাংশ সুদ-সহ সেই টাকা ফেরত দিতে হবে। তাহলে একজন ‘দাগি’ শিক্ষকের কত টাকা গচ্চা যেতে বসেছে?
গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসি-র পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছে। চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর। চিহ্নিত অযোগ্যদের ১২ শতাংশ সুদে বেতনের টাকা ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছে। শনিবার ১৮০৬ জন ‘দাগি’-র নাম প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। আইনজীবী ফিরদৌস শামিমের বক্তব্য, এই তালিকা সম্পূর্ণ নয়। আরও নাম সামনে আসবে। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানালেন তিনি।
এই ‘দাগি’ তালিকায় তৃণমূলের নেতা-নেত্রীর পরিবারের লোকজন, আত্মীয় স্বজন রয়েছেন। বিজেপির নেতা-নেত্রীর নামও রয়েছে। এই ‘দাগি’-রা কীভাবে চাকরি পেলেন? আইনজীবী ফিরদৌস শামিম বলছেন, অন্যায়ভাবে চাকরির জন্য ১০ থেকে ১২ লক্ষ টাকা করে নেওয়া হয়েছে। আবার অনেকে বলছেন, ঘটি-বাটি বিক্রি করেও অনেকে মিডলম্যানদের টাকা দিয়ে চাকরি পেয়েছেন। ‘দাগি’ তালিকা দেখে কেউ কেউ বলছেন, সবাই হয়তো টাকা দিয়ে চাকরি পাননি। তৃণমূল নেতা-বিধায়কদের পরিজনদের দিকে তাঁদের ইঙ্গিত।
তবে যদি ধরে নেওয়া যায়, একজন প্রার্থী গড়ে ১০ লক্ষ টাকা দিয়ে চাকরি পেয়েছেন। তাহলে তাঁর ওই টাকা ও বেতনের সুদ-সহ টাকা ফেরত দিতে গিয়ে কত টাকা গচ্চা যেতে পারে? নবম দশমে চাকরির ক্ষেত্রে একজন ৪০ হাজারের কম বেশি মাইনে পান। এটা তাঁর স্টার্টিং স্যালারি। ২০১৯ থেকে বেতন পেলে ২০২৪-এর মার্চ অবধি সেটা প্রায় ২৪ লক্ষের কাছাকাছি। একাদশ-দ্বাদশের ক্ষেত্রে স্টার্টিং স্যালারি মোটামুটি ৪৪ হাজারের আশপাশে। এই হিসাবে এগোলে ২০২৪ অবধি প্রায় ২৬ লক্ষ টাকা বেতন হবে ওই শিক্ষকের। এরপর টাকা বাড়লে বাড়বে মোটের পরিমাণও। উল্লেখ্য, ২০২৪ সাল পর্যন্তই ধরা হচ্ছে, কারণ হাইকোর্ট গত বছরেই এই মামলায় বেতন ফেরতের নির্দেশ দিয়েছিল। তাহলে দেখা যাচ্ছে, নবম-দশমের ক্ষেত্রে একজন ‘দাগি’ চাকরিহারার গচ্চা যাবে ৩৪ লক্ষ টাকার মতো। সেটা একাদশ-দ্বাদশের ক্ষেত্রে ৩৬ লক্ষ টাকা।