Sadhguru: মস্তিষ্কে ২ বার অস্ত্রোপচারের পরও বাইকে কৈলাস যাত্রা, যোগের শক্তি বোঝালেন সদগুরু - Bengali News | Sadhguru completes Kailash Yatra on motorcycle after 2 crucial brain surgeries, demonstrates power of Yoga - 24 Ghanta Bangla News
Home

Sadhguru: মস্তিষ্কে ২ বার অস্ত্রোপচারের পরও বাইকে কৈলাস যাত্রা, যোগের শক্তি বোঝালেন সদগুরু – Bengali News | Sadhguru completes Kailash Yatra on motorcycle after 2 crucial brain surgeries, demonstrates power of Yoga

Spread the love

বাইকে কৈলাস যাত্রা করেন সদগুরুImage Credit: TV9 Bangla

কোয়েম্বাটুর: বছর দেড়েক আগে পরপর ২ বার মস্তিষ্কের অস্ত্রোপচার হয়েছে। তারপরও মোটরবাইকে কৈলাস যাত্রা সম্পূর্ণ করলেন ইশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদগুরু জগ্গী বাসুদেব। কৈলাস যাত্রা সম্পূর্ণ করে শনিবার তামিলনাড়ুর কোয়েম্বাটুরের ইশা যোগ সেন্টারে ফিরে আসেন তিনি। তাঁকে বরণ করে নিতে বহু মানুষ উপস্থিত ছিলেন ইশা যোগ সেন্টারে। আর মোটরবাইকে কৈলাস যাত্রার পর জীবনে যোগের গুরুত্ব ও শক্তি বোঝালেন সদগুরু। মজার ছলে বললেন, প্রথমবার কেউ হয়তো ভাঙা মাথা নিয়ে এভাবে কৈলাস যাত্রা করলেন।

ভারতীয় সংস্কৃতিতে কৈলাস যাত্রাকে অন্যতম তীর্থ যাত্রা বলে মনে করা হয়। যাঁরা এই যাত্রা সম্পূর্ণ করেন, গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁদের স্বাগত জানানো হয়। সেই ধারা বজায় রেখেই সদগুরুকে স্বাগত জানাতে কোয়েম্বাটুর বিমানবন্দরে হাজির হয়েছিলেন বহু মানুষ। রাস্তার দু’ধারে ভিড় করেছিলেন তাঁরা। ইশা যোগ সেন্টারের প্রবেশপথ থেকে আশ্রম পর্যন্ত বিশাল মিছিল দেখা যায়।

এর আগে বলিউড অভিনেতা দিনো মোরিয়ার সঙ্গে অনলাইন আলাপচারিতায় সদগুরু বলেছিলেন, “আমি শিব দর্শনের জন্য কৈলাস যাচ্ছি না। চোখ বন্ধ করলে তিনি আমার ভেতরে উপস্থিত থাকেন। এর জন্য আমার কৈলাসে যাওয়ার দরকার নেই। কৈলাস সবচেয়ে আশ্চর্যজনক গ্রন্থাগার। কিন্তু এখন আমি সেজন্যও সেখানে যাইনি। আমি শত শত মানুষকে আমার সঙ্গে নিয়ে যাই। সকালে মানুষ যখন ঘুম থেকে ওঠেন, তখন কি শিবের কথা ভাবেন? না। বরং শেয়ার বাজার বা সিনেমার কথা ভাবেন। উচ্চতা এবং অন্যান্য অসুবিধা এই ধরনের মানুষদের উদ্বেগ কমিয়ে দেয়। এবং আমরা তাঁদের গভীর বিষয়গুলিতে মনোনিবেশ করাতে পারি।”

কৈলাসে সদগুরু

কোয়েম্বাটুর বিমানবন্দরে সাংবাদিকদের সদগুরু বলেন, “চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আমার মোটরবাইক চালানো ঠিক নয়। তারপরও আমি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮ হাজার উঁচুতে উঠেছি। এটাই যোগের শক্তি প্রমাণ করে।”

এই যাত্রার চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠার অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে তিনি বলেন, “যোগ মানে সৃষ্টির মূল উৎসের সঙ্গে এক হয়ে যাওয়া, যা আমাদের সকলের ভেতরে রয়েছে। যখন আপনি সৃষ্টির উৎসের সঙ্গে সংযুক্ত হন, তখন এটি আর কোনও চ্যালেঞ্জ থাকে না। এই অবস্থায়, আমি অনায়াসে এই যাত্রা সম্পন্ন করেছি।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এই নিয়ে সদগুরু বলেন, “যখন চ্যালেঞ্জ আসবে, তখন আমাদের আরও শক্তিশালী হয়ে দাঁড়ানো উচিত। আমি নিশ্চিত ভারত অবশ্যই তা করবে। একটি স্বাধীন দেশ হিসেবে, আমরা কখনই ভারতের সার্বভৌমত্ব এবং নিজস্ব উপায়ে ব্যবসা করার স্বাধীনতা ত্যাগ করতে পারি না।”

দেশের ভবিষ্যৎ ভাবনা নিয়ে তিনি বলেন, “আপনি আশা করতে পারেন না যে পরিস্থিতি সর্বদা আপনার অনুকূলে থাকবে। এমনকি যখন পরিস্থিতি প্রতিকূল, তখনও আপনার এগিয়ে যাওয়া উচিত। এই ক্ষমতা আমাদের বিকাশ করতে হবে। এটি আমাদের জন্য একটি ভাল উদাহরণ এবং শিক্ষা যে ভারতকে প্রতিটি পরিস্থিতিতেই এগিয়ে যেতে হবে।”

সদগুরু কখন তাঁর যাত্রা শুরু করেছিলেন?

গত ৯ অগস্ট উত্তর প্রদেশের গোরখপুর থেকে মোটরসাইকেলে করে সদগুরু তাঁর যাত্রা শুরু করেছিলেন। সেখান থেকে তিনি কাঠমান্ডু, ভক্তপুর এবং নেপালের থুলিখেল হয়ে নেপাল-তিব্বত সীমান্তে পৌঁছন। এরপর, তিনি তিব্বতের ঝাংমু, ন্যায়ালাম এবং সাগা হয়ে মানস সরোবর হ্রদে পৌঁছন। এবং সেখান থেকে তিনি কৈলাস পর্বত দেখার জন্য ট্রেকিং করেন। এই পথটি খুবই কঠিন ছিল। নিরন্তর বৃষ্টি, ভূমিধস লেগেই থাকে। যাত্রার সময় বহু মানুষ সদগুরুকে স্বাগত জানিয়েছেন। এই সময়ে তিনি যোগ বিজ্ঞান ও শিবের রহস্য নিয়ে অভিনেতা মাধবন, ক্রিকেটার বরুণ চক্রবর্তী এবং পরিচালক নাগ অশ্বিনের মতো সেলিব্রিটিদের সঙ্গে অনলাইনে আলাপচারিতা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *