Hooghly: হলুদ স্কুটিতে রক্তের দাগ, চালকের খোঁজ করতে গিয়েই…হাড়হিম ঘটনা হুগলিতে – Bengali News | A man allegedly murdered in Chanditala in Hooghly
চণ্ডীতলা: ঘুটঘুটে অন্ধকার। রাস্তার পাশে দাঁড় করানো হলুদ স্কুটি। কিন্তু, আরোহী কোথায়? স্কুটিতে রক্তের দাগ। একটু দূরে রাস্তায়ও দেখা গেল চাপ চাপ রক্ত। স্কুটির মালিককে দেখতে না পাওয়া যাওয়ায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি হুগলির চণ্ডীতলা থানার কুমিরমোড়া থেকে জনাই যাওয়ার রাস্তায়। স্থানীয়রা খবর দেন চণ্ডীতলা থানায়। ঘণ্টা তিনেক পর বেশ কিছুটা দূর থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে এলাকায়।
এদিন সন্ধ্যার পর রাস্তায় ওই হলুদ স্কুটিকেই দেখতে পান স্থানীয় বাসিন্দারা। চালককে দেখতে না পাওয়া যাওয়ায় চণ্ডীতলা থানায় খবর দেন তাঁরা। পুলিশ এসে ঘটনাস্থল থেকে একজোড়া রক্তাক্ত জুতো, অ্যাসিডের বোতল ,হেডফোন উদ্ধার করে। কিন্তু, স্কুটির মালিককে দেখতে না পাওয়া যাওয়ায় খোঁজ শুরু হয়।
ঘণ্টা তিনেক খোঁজ করার পর ঘটনাস্থল থেকে ১০০ মিটার দূরে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মৃতের পরিচয় এখনও জানা যায়নি।