Woman Murdered: লেদার কমপ্লেক্সের বাইরে চিৎকার মহিলা শ্রমিকের, রক্তে ভাসল রাস্তা - Bengali News | Woman dead body found outside Kolkata leather complex - 24 Ghanta Bangla News
Home

Woman Murdered: লেদার কমপ্লেক্সের বাইরে চিৎকার মহিলা শ্রমিকের, রক্তে ভাসল রাস্তা – Bengali News | Woman dead body found outside Kolkata leather complex

Spread the love

কলকাতা: লেদার কমপ্লেক্সের বাইরে এক মহিলা শ্রমিককে কুপিয়ে খুনের অভিযোগ। লেদার কমপ্লেক্সের দুই নম্বর গেটের ৬ নম্বর প্লটের কাছে রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখেন অন্য শ্রমিকরা। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত শ্রমিকের নাম বিলকিস বিবি। ঘটনার তদন্ত শুরু করেছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিলকিস বিবি কলকাতা লেদার কমপ্লেক্সের ৫৪৮ নম্বর ট্যানারিতে বিগত পাঁচ বছর ধরে কাজ করতেন। পাশের ট্যানারিতে কাজ করেন তাঁর স্বামী করিম গাজি। ভাঙড়ের ঘটকপুকুরে স্বামী-স্ত্রী ভাড়াবাড়িতে থাকতেন। করিমের দ্বিতীয় স্ত্রী বিলকিস। প্রত্যেকদিন করিম ও তাঁর স্ত্রী একসঙ্গে কাজে আসতেন ও বাড়ি ফিরতেন।

বৃহস্পতিবার সন্ধেয় কাজ শেষে ট্যানারি থেকে বাইরে বেরোন বিলকিস। তারপরই তাঁর চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসেন অন্য শ্রমিকরা। দৌড়ে আসেন করিমও। দেখেন রক্তাক্ত অবস্থায় রাক্তায় পড়ে রয়েছেন বিলকিস। খবর পেয়ে আসে লেদার কমপ্লেক্স থানার পুলিশ। প্রথমে বিলকিসকে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পুলিশের অনুমান, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বিলকিসকে।

ওই মহিলাকে কে বা কারা কেন খুন করল, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। স্বামীর সঙ্গে কি সম্পর্কের কোনও টানাপোড়েন চলছিল? বিলকিসের স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ। সংবাদমাধ্যমের সামনে করিম মুখ খুলতে চাননি। লেদার কমপ্লেক্সের অন্য কর্মীরাও এই নিয়ে মুখে কুলুপ এঁটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *