Lashkar in Pakistan Flood: লস্কর জঙ্গিরা করছে ত্রাণ বিলি! শুধরে গেল নাকি সন্ত্রাসের নতুন কৌশল? – Bengali News | Lashkar Exploits Flood Aftermath in Pakistan to Expand Influence
নয়াদিল্লি: লাগাতর বৃষ্টি, যার জেরে বন্যায় ডুবেছে পাকিস্তানের পঞ্জাব ও খাইবার পখতুন প্রদেশ। ডুবেছে কর্তারপুর গুরুদ্বারও। রয়টার্স প্রদত্ত একটি তথ্য বলছে, এখনও পর্যন্ত ১০ লক্ষ মানুষ ঘরছাড়া। তাদেরকে বন্য কবলিত এলাকা থেকে ত্রাণ শিবিরে নিয়ে গিয়েছে প্রশাসন। অর্থাৎ পরিস্থিতি ভয়াবহ। যা সুযোগ হিসাবেই ব্য়বহারের চেষ্টা করছে সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবা।
কিন্তু এই রকম বিপর্যয় পরিস্থিতিকেও কীভাবে নিজেদের ফরে ব্যবহার করছে পাক সন্ত্রাসবাদী সংগঠনটি? ভারতীয় গোয়েন্দাদের একটি অভ্য়ন্তরীণ সূত্র সর্বভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টকে জানিয়েছে, এই কাজে লস্করদেরই একটি বিপর্যয় মোকাবিলা দল ময়দানে নেমেছে। অনুদান সংগ্রহ থেকে ত্রাণ পৌঁছে দেওয়ার সব দায়িত্বই নিজেদের কাঁধে তুলে নিয়েছে তারা।
কিন্তু মানুষ ‘মারা’ লস্কর সংগঠন হঠাৎ করেই মানুষ ‘বাঁচাতে’ নামল কেন? সিঁদুরের শিক্ষায় কি শুধরে গেল তারা? গোয়েন্দারা বলছে, এটা প্রথম নয়, ২০০৫ সালে কাশ্মীরে ঘটা ভূমিকম্পের পর থেকেই এই বিপর্যয় মোকাবিলা দল তৈরি করেছে তারা। অবশ্য তখন তাদের প্রাসঙ্গিকতা এতটা না হলেও, সময়ের সঙ্গে তা অনেকটাই বেড়েছে।
ইতিমধ্য়েই সমাজমাধ্যমে জুড়ে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে এই লস্করের সদস্যরা দুর্গতদের উদ্ধার করছে। ত্রাণ তুলে দিচ্ছে। গোয়েন্দাদের দাবি, সেই সকল ভিডিয়ো এমন কিছু অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হচ্ছে, যেগুলিতে মাঝে মধ্যে ভারতীয় সেনা সম্পর্কিত ভুয়ো খবর ছড়ানো হয়। এমনকি, এই বিপর্যয় মোকাবিলার জন্য প্রয়োজনীয় অনুদান সংগ্রহের ক্ষেত্রে লস্কর গোষ্ঠী সাহায্য নিচ্ছে মার্কাজি মুসলিম লীগের। যারা আবার ভারত ও আমেরিকা উভয় দেশেই নিষিদ্ধ। এক কথায় ভাবমূর্তি সংশোধনে নেমেছে লস্কর গোষ্ঠী। আর এই আবহে তাদের কাছে বন্যার থেকে বড় সুযোগ কিছুই নেই। পাশাপাশি, অনুদানের টাকা যে ঘুরপথে সন্ত্রাসেও ‘বিনিয়োগ’ হবে না এই নিশ্চয়তাও কে দিয়েছে?