Karnataka: ক্লাসে পেটের যন্ত্রণায় ছটপট করছিল ছাত্রী, বাথরুমে যাওয়ার পর সব সত্য সামনে এল… – Bengali News | Class 9 student delivers baby in school toilet, 28 year old man arrested in Karnataka
বেঙ্গালুরু: স্কুলের মধ্যেই পেটে তীব্র যন্ত্রণা। বাথরুমে গেল ছাত্রী। আর সেখানেই সন্তানের জন্ম দিল। ঘটনায় শোরগোল পড়েছে কর্নাটকের শাহাপুর তালুকে। ঘটনার তদন্তে নেমে বছর আঠাশের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। স্কুলের প্রিন্সিপাল-সহ চারজনের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তকে ওই ছাত্রী আগে থেকে চিনত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, সাহাপুর তালুকের একটি সরকারি আবাসিক স্কুলে পড়াশোনা করে বছর সতেরোর ওই কিশোরী। চলতি সপ্তাহে স্কুলের বাথরুমে সন্তানের জন্ম দেয় সে। ক্লাস নাইনের ওই ছাত্রী সেদিন স্কুলে এসেছিল। আচমকা পেটের যন্ত্রণা শুরু হওয়ায় বাথরুমে যায়। সেখানে সন্তান প্রসব করে।
ওই ছাত্রীর বান্ধবীরা ঘটনাটি স্কুলে জানায়। সঙ্গে সঙ্গে নবজাতক ও ছাত্রীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। পুলিশে দায়ের করা FIR-এ বলা হয়েছে, হস্টেলে থেকে ওই ছাত্রী পড়াশোনা করে। মাস নয়েক আগে এক অপরিচিত যুবক তাকে যৌন নির্যাতন করেছিল। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আরও চারজনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার জন্য অভিযোগ দায়ের হয়েছে। তার মধ্যে রয়েছেন হস্টেল ওয়ার্ডেন, প্রিন্সিপাল, স্টাফ নার্স ও ওই ছাত্রীর দাদা। প্রসবের পরও পুলিশকে তৎক্ষণাৎ খবর দেয়নি তারা। হস্টেল ওয়ার্ডেন এবং প্রিন্সিপাল অবশ্য বলছেন, ওই ছাত্রী যে গর্ভবতী, তা বোঝা যাচ্ছিল না। তবে কর্নাটক রেসিডেন্সিয়াল এডুকেশনাল ইনস্টিটিউশনস সোশ্যাইটি প্রিন্সিপাল ও হস্টেল ওয়ার্ডেন-সহ চারজনকে দায়িত্বে অবহেলার জন্য সাসপেন্ড করেছে।