KMRCL: পরের পুজোর আগেই বাড়ি ফিরে পাবেন বউবাজারের গৃহহারারা? KMRCL-কে বড় নির্দেশ ফিরহাদের - Bengali News | Kolkata Municipality Corporation mayor Firhad Hakim asks KMRCL to complete Bowbazar houses before puja in 2026 - 24 Ghanta Bangla News
Home

KMRCL: পরের পুজোর আগেই বাড়ি ফিরে পাবেন বউবাজারের গৃহহারারা? KMRCL-কে বড় নির্দেশ ফিরহাদের – Bengali News | Kolkata Municipality Corporation mayor Firhad Hakim asks KMRCL to complete Bowbazar houses before puja in 2026

Spread the love

KMRCL-র সঙ্গে বৈঠকে বড় নির্দেশ ফিরহাদ হাকিমেরImage Credit source: TV9 Bangla

কলকাতা: কেটে গিয়েছে ৬ বছর। নতুন মেট্রো রুটের উদ্বোধন হয়ে গিয়েছে। কিন্তু, বউবাজারে ক্ষতিগ্রস্ত বাড়িগুলির বাসিন্দারা এখনও ঘরছাড়া। কবে ঘরে ফিরবেন তাঁরা? এবার কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড(KMRCL)-কে সময় বেঁধে দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ২০২৬ সালের পুজোর আগে বউবাজারে বাড়ি তৈরি করে দেওয়ার জন্য KMRCL-কে নির্দেশ দিলেন।

সোমবার কলকাতা পৌরনিগমে কেএমআরসিএল, পৌরনিগমের প্রতিনিধি এবং বউবাজারে বাড়িহারা বেশ কয়েকজনকে নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন কলকাতার মেয়র। সেখানে কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড বউবাজারে বাড়ি তৈরি করে দেওয়ার জন্য ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত সময় লাগবে কথা জানায়। এই প্রস্তাবকে খারিজ করে দিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরের মধ্যে বউবাজার এলাকায় বাড়ি তৈরি করে দেওয়ার নির্দেশ দিলেন ফিরহাদ।

বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে বাড়ি তৈরি করে দেবে কেএমআরসিএল। ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য ২০১৯ সাল থেকে মোট চারটি বিপর্যয়ে ২৪টি বাড়ি মেট্রোর কাজের জন্য সম্পূর্ণ ভেঙে পড়েছে। ১৩টি বাড়িতে বড় ধরনের ফাটল ধরেছে। এছাড়া আরও বেশ কিছু বাড়িতে ফাটল রয়েছে।

বউবাজারের তলা দিয়ে মেট্রো চালু হলেও সেখানকার গৃহহীন মানুষদের মধ্যে ক্ষোভ ক্রমশ বেড়েছে। মেট্রো পরিষেবার উদ্বোধনের দিনই বাড়ি চেয়ে বউবাজারের সামনে মঞ্চ করে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। এই পরিস্থিতিতে এদিন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এই বাড়িগুলিতে সেখানকার বাসিন্দারা যাতে দ্রুত ফিরে আসতে পারেন, তার জন্য দ্রুত পদক্ষেপ করতে হবে কেএমআরসিএল-কে।

আগামী ১০ বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল কনস্ট্রাকশন এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ ওই বাড়িগুলির উপর নজর রাখবে। মেট্রো চলাচলের জেরে কোনওভাবে যদি বাড়িতে ফাটল ধরে বা ভেঙে পড়ে তখন যাদবপুর বিশ্ববিদ্যালয় পরামর্শ অনুযায়ী কাজ করা হবে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামিদিনে কেএমআরসিএল-কলকাতা পৌরনিগম যৌথভাবে কাজ করার ব্যাপারে একটি যৌথ প্রস্তাবপত্র তৈরি করবে এবং তাতে সই করবে।

ইতিমধ্যে কেএমআরসিএল যে রিপোর্ট তৈরি করেছে, সেই অনুযায়ী মেট্রোর কাজের জন্য বউবাজারে ২৪টির মধ্যে ২১টি বাড়ি পুরোপুরি ভেঙে পড়ে। ৩টি বাড়ি মেট্রোর কাজের জন্য ভেঙে ফেলা হয়। তার মধ্যে ১৬টি বাড়ি তিনতলা, ৫টি বাড়ি চারতলা। ৩টি বাড়ি দোতলা। ফ্ল্যাট বা আবাসন নয়, তৈরি করে দেওয়া হবে বাড়ি।

নতুন ২৪টি বাড়ি তৈরি হচ্ছে পুরোনো নকশাতেই। এতে মেট্রোর খরচ হবে ২৭ কোটি টাকা। আংশিক ক্ষতিগ্রস্ত ১৫টি বাড়ি সংস্কারও শুরু হয়েছে। এতে খরচ হবে ৬ কোটি টাকা। মোট ৭৪টি পরিবার তাঁদের ঠিকানা ফিরে পাবে। বৈঠক শেষে মেয়র আশা প্রকাশ করেন, ৯ মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাওয়ার কথা। এখন দেখার, ছাব্বিশের পুজোর আগে বউবাজারের গৃহহারা পরিবারগুলি তাদের বাড়িতে ফিরতে পারে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *