Nadia: ছাত্রীকে স্কুলে তালা দিয়ে চলে গেলেন শিক্ষক, অভিভাবকরা বলছেন, বড় বিপদ হতে পারত – Bengali News | Chaos over child locked in a school in Nadia
স্কুলের ভিতর আটকে ছাত্রীImage Credit source: TV9 Bangla
নদিয়া: স্কুল ছুটি হয়ে গিয়েছে। শিক্ষকও স্কুলে তালা দিয়ে বেরিয়ে গিয়েছেন। কিন্তু, বাড়ি ফেরেনি শিশু শ্রেণির এক ছাত্রী। খোঁজ করতে গিয়েই চক্ষু চড়কগাছ অভিভাবকদের। বন্ধ স্কুলের মধ্যে কাঁদছে ছাত্রীটি। তালা খুলে ছাত্রীটিকে বের করেন অভিভাবকরা। ঘটনাটি নদিয়ার ভীমপুরের। এই ঘটনায় সরব হয়েছেন অভিভাবকরা। তাঁদের বক্তব্য, বাচ্চাটিকে স্কুলে দেখতে না ফেলে বড় বিপদ হয়ে যেতে পারত। ঘটনার সত্যতা স্বীকার করে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলছেন, অসাবধানতাবশত ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে, গত শনিবার ভীমপুর নতুনপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। অভিযোগ, শনিবার পঠনপাঠনের পর স্কুলের ভিতরে পড়ুয়াকে রেখে তালা দিয়ে চলে যান শিক্ষকরা। এরপর ওই পড়ুয়া দীর্ঘ সময় বন্ধ স্কুলের মধ্যেই ছিলেন। পরে পরিবারের লোকজন এসে দেখেন, ভয়ে কান্নাকাটি করছে ওই পড়ুয়া। চাবি এনে তালা খুলে উদ্ধার করা হয় ছাত্রীকে।
এই ঘটনায় স্কুলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অভিভাবকরা। তাঁরা বলেন, স্কুলের ভিতরে কুকুর শুয়ে থাকে। কোনও পদক্ষেপ করা হয় না। অভিভাবকরা বলছেন, শিশুর মা ঘটনার ভিডিয়ো করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছিল। কিন্তু, শিক্ষকদের ‘চাপে’ সেই ভিডিয়ো তিনি ডিলিট করেন বলে অভিযোগ। স্কুলের ভিতর শিশুকে রেখে তালা দেওয়ার ঘটনায় এসআই অফিসে অভিযোগ জানিয়েছেন অভিভাবক-অভিভাবিকারা।
ঘটনার সত্যতা স্বীকার করে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত বিশ্বাস বলেন, “অসাবধনতাবশত ঘটেছে। বাচ্চাটা প্রতিদিন চলে যায়। ওইদিন ভিতরে রয়ে গিয়েছিল। স্যার হয়তো খেয়াল না করেই চাবি দিয়ে চলে যান। তবে বেশিক্ষণ বাচ্চাটি ভিতরে ছিল না। তার মা বাচ্চাকে নিতে এসেছিলেন। মিনিট দশেকের মধ্যেই বিষয়টি বুঝতে পেরে বাচ্চাটিকে তালা খুলে বের করা হয়।”
২ দিন আগেই পড়শি রাজ্য ওড়িশার একটি স্কুলে ছাত্রীকে ক্লাসের ভিতর রেখেই তালা দিয়ে চলে গিয়েছিলেন শিক্ষিকা। সারারাত স্কুলে ‘বন্দি’ ছিলেন দ্বিতীয় শ্রেণির ছাত্রী। জানালা দিয়ে বেরনোর চেষ্টা করেছিল সে। লোহার রডের মাঝখান থেকে শরীর গলিয়ে বেরনোর চেষ্টা করে, কিন্তু তার মাথা আটকে যায় গ্রিলে। পরদিন ছাত্রীকে উদ্ধার করা হয়।