Daspur: দোকানে-দোকানে গিয়ে বলেছিলেন সাইবার অফিসার, তাঁরই যে এই রূপ বেরবে কে জানত! – Bengali News | Daspur: One person in Daspur got detain by police in paschim medidnipur
দাসপুরে সাইবার অফিসার ?Image Credit source: Tv9 Bangla
দাসপুর: হঠাৎ করে গাড়ি নিয়ে এসে হাজির। তারপর শুরু তল্লাশি। দোকানে-দোকানে গিয়ে জিজ্ঞাসাও করছিলেন বিভিন্ন প্রশ্ন। কিন্তু এলাকাবাসীর মনে একটা সন্দেহ হয়েছিল। তাই আর খবর দেয় দাসপুর থানায়। ব্যাস! তারপর আর কী, জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে এল আসল তথ্য। কোনও সাইবার অফিসার নন ওই ব্যক্তি। আপাতত আটক রয়েছেন তিনি।
ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার দুর্গাপুর এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, শনিবারের রাত প্রায় ৮টা নাগাদ এক অচেনা ব্যক্তি বাইক ঠেকিয়ে দুর্গাপুর এলাকায় বিভিন্ন দোকানে দোকানে জিজ্ঞাসাবাদ চালাতে শুরু করে। নিজেকে পরিচয় দিচ্ছিলেন সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের অফিসার। ওই এলাকার বাসিন্দা ও দুর্গাপুর বাজারের দোকানদার প্রভাস মিদ্যা জানান, এই ব্যক্তি এর আগেও এসে জিজ্ঞাসাবাদ চালায় এবং ওই এলাকার বেশ কয়েকজনের নাম ঠিকানা নিয়ে যায়। সেই সময় অভিযুক্ত তাঁদের জানিয়েছিল, তিনি সাইবার ক্রাইমের লোক।
শনিবার রাতে আবার এসে জিজ্ঞাসাবাদ চালাতে থাকলে সন্দেহ হয়। খবর যায় দাসপুর থানায়। পুলিশ এসে ওই ব্যক্তিকে থানায় নিয়ে যায়। তবে নিজেকে সাইবার ক্রাইম অফিসার পরিচয় দেওয়া ব্যক্তি সমস্ত ঘটনা অস্বীকার করেছেন। তিনি জানান, তাঁর বাড়ি হুগলি জেলার খানাকূল থানার বন্দরের ধান্যঘোরি এলাকায়। তাঁর নাম খোকন মণ্ডল। খানাকুল থানার এক সাইবার ক্রাইমের তদন্ত করতে দাসপুরের এই দুর্গাপুরে এসেছিলেন।
কিন্তু এলাকাবাসীর প্রশ্ন, এভাবে অপরিচিত কোনও ব্যক্তি নিজের আইডি প্রুফ বা লোকাল থানায় না জানিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে তাঁদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে কী করে পারে? এই কারণেই তাঁরা ওই ব্যক্তিকে দাসপুর থানার পুলিশের হাতে তারা তুলে দেয়। পুলিশ জানিয়েছে, তাঁরা খানাকূল থানার সাথে কথা বলে বিষয়টি খতিয়ে দেখছে। তবে পুলিশেরও স্পষ্ট ধারণা ইনি কোনও অফিসার নয়।
