Donald trump: ব্যবসায়ী, ঘনিষ্ঠ সহযোগীকে ভারতে রাষ্ট্রদূত করে পাঠাচ্ছেন ট্রাম্প, কারণও জানালেন – Bengali News | US President Donald Trump names close political aide Sergio Gor as India ambassador
ডোনাল্ড ট্রাম্প ও সার্জিয়ো গোর
নয়াদিল্লি: ধনকুবের ইলন মাস্ক তাঁকে ‘সাপ’ বলেছিলেন। সেই সার্জিয়ো গোরকে ভারতে আমেরিকার পরবর্তী রাষ্ট্রদূত করে পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বছর আটত্রিশের সার্জিয়ো ট্রাম্পের ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত। বর্তমানে তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্সিয়াল পার্সোনেল পদে রয়েছেন। সার্জিয়ো নিজেও একজন ব্যবসায়ী। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতের সঙ্গে যখন ট্রাম্পের টানাপোড়েন চলছে, তখন সার্জিয়োকে রাষ্ট্রদূত করে পাঠানোর সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকরা। শুধু ভারতের রাষ্ট্রদূত নয়, সার্জিয়োকে দক্ষিণ ও মধ্য এশিয়ায়ও বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হিসেবে কাজ করবেন।
১৯৮৬ সালে উজবেকিস্তানে জন্ম সার্জিয়োর। ট্রাম্পের রাজনৈতিক জীবনে ঘনিষ্ঠ সহযোগী। ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পিছনে তাঁর বড় অবদান রয়েছে বলে কূটনীতিকদের বক্তব্য। ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর হোয়াইট হাউসে প্রেসিডেন্সিয়াল পার্সোনেল পদে সার্জিয়োকে নিয়োগ করেন। চলতি বছরের মে মাসে ট্রাম্পের সঙ্গে বিবাদের জেরে হোয়াইট হাউসের পদ ছাড়ার পর সার্জিয়োকে ‘সাপ’ বলে আক্রমণ করেছিলেন ধনকুবের মাস্ক।
বিদেশনীতি নিয়ে সার্জিয়োর তেমন অভিজ্ঞতা নেই। তারপরও কেন তাঁকে ভারতে রাষ্ট্রদূত করে পাঠাচ্ছেন, তা নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প। সেখানে তিনি লিখেছেন, “বিশ্বের সবচেয়ে জনবহুল অঞ্চলে এটা গুরুত্বপূর্ণ যে, সেখানে এমন একজন থাকা উচিত, যাঁর উপর আমি সম্পূর্ণরূপে নির্ভর করতে পারি এবং যিনি আমার এজেন্ডা বাস্তবায়ন করবেন এবং আমেরিকাকে আবারও মহান করে তুলতে আমাদের সাহায্য করবেন।”
সার্জিয়োকে রাষ্ট্রদূত করার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিও। এক্স হ্যান্ডলে লেখেন, “বিশ্বে আমাদের দেশের সঙ্গে অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক থাকা একটি দেশে আমেরিকার অসাধারণ প্রতিনিধি হবেন সার্জিয়ো।”
