কোচবিহারে তৃণমূল নেতার খুনে বড় সাফল্য পুলিশের, অরুণাচল থেকে ধৃত আরও ২ - 24 Ghanta Bangla News
Home

কোচবিহারে তৃণমূল নেতার খুনে বড় সাফল্য পুলিশের, অরুণাচল থেকে ধৃত আরও ২

Spread the love

কোচবিহারের তৃণমূল কংগ্রেস নেতা অমর রায় খুনের ঘটনায় বড় সাফল্য পেল পুণ্ডিবাড়ি থানার পুলিশ। অরুণাচলপ্রদেশের নাহারলাগুন থেকে গ্রেফতার করা হল আরও দু’জন অভিযুক্তকে। ধৃতদের নাম নারায়ণ বর্মন ওরফে বিশাল এবং কিশোর বর্মন ওরফে ভোগি। দু’জনেই কোচবিহারের পুণ্ডিবাড়ি এলাকার মরা নদীর কুঠি গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: কোন্নগরে TMC নেতা খুনে গ্রেফতার ‘বাম আমলের ত্রাস’ কুখ্যাত গ্যাংস্টার বাঘা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রবিবার এই মামলায় প্রথমে ধরা পড়ে বিনয় রায় নামে এক কুখ্যাত শার্প শ্যুটার। তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল। বিনয়কে জিজ্ঞাসাবাদ করেই উঠে আসে আরও কয়েকজনের নাম। সেই সূত্রে তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার রাতে অরুণাচলপ্রদেশের পাপুম পারে জেলার নাহারলাগুন থেকে বিশাল ও ভোগিকে পাকড়াও করে পুলিশ।

শুক্রবার ধৃতদের আদালতে তোলা হলে পুলিশ ১৪ দিনের হেফাজতের আবেদন জানায়। তবে আদালত আপাতত ৭ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে আদালত। তদন্তকারী অফিসারদের দাবি, অভিযুক্তদের জেরা করে গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে। বাকিদের খোঁজেও তল্লাশি চলছে, খুব শিগগিরই পুরো চক্রের রহস্য ফাঁস হবে।

কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন, এ মাসের ৯ তারিখ ডোডেয়ারহাটে গুলি চালনার ঘটনায় অমর রায় প্রাণ হারান। সঙ্গে থাকা আলমগীর নামে এক যুবক আহত হন। তাঁকে এখন হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। প্রথমে অসম-বাংলা সীমান্ত থেকে বিনয় রায়কে ধরা হয়েছিল। পরে অরুণাচলে একটি টিম অভিযান চালিয়ে আরও দু’জনকে গ্রেফতার করে। এদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ হাতে এসেছে।

উল্লেখ্য, নিহত অমর রায় ছিলেন ডাওয়াগুড়ির বাসিন্দা এবং স্থানীয় পঞ্চায়েত প্রধান কুন্তলা রায়ের ছেলে। ঘটনার দিন কয়েকজন বন্ধুর সঙ্গে ডোডেয়ারহাটে গিয়েছিলেন তিনি। সেখানে হঠাৎ দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। প্রথমে অমরের মা সিবিআই তদন্তের দাবি তুললেও পরে সিআইডির তদন্তে আস্থা প্রকাশ করেন। বর্তমানে পুলিশ নিজস্বভাবে তদন্ত চালাচ্ছে। তবে এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি, কে এই হামলার মূল চক্রী , কার নির্দেশে এই খুন, কিংবা এর পেছনে আসল উদ্দেশ্য কী। তদন্তকারীদের আশা, নতুন করে ধৃত দুই অভিযুক্তকে জেরা করলেই অনেক অজানা তথ্য সামনে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *