Kolkata Metro: ‘কেন জমি দিচ্ছে না সেটা তারাই বলতে পারবেন’, উদ্বোধনী অনুষ্ঠানেও রাজ্যের উপর তীব্র ক্ষোভ প্রকাশ মেট্রো কর্তার – Bengali News | Only they can say why they are not giving land, Kolkata Metro official expresses strong anger against state at inauguration ceremony
কী বলছেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার? Image Credit source: TV 9 Bangla
কলকাতা: প্রধানমন্ত্রী আসার আগেই চিংড়িহাটার কাজ না হওয়া নিয়ে রাজ্যের উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন। এবার তিন রুটের উদ্বোধনী অনুষ্ঠানেও রাজ্য সরকারকে কটাক্ষ কলকাতা মেট্রো জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। স্পষ্ট বললেন, “প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হল। কিন্তু রাজ্য সরকার যদি আমাদের জমি দেয়, তাহলে আমরা কলকাতা বিমানবন্দর পর্যন্ত বাকি প্রকল্প ৯ মাসে করতে পারব। রাজ্য সরকারের ওপর নির্ভর করছে তারা কী করবে!”
প্রসঙ্গত, বিগত কয়েক মাস আগেও বারবার মেট্রো সম্প্রসারণের ক্ষেত্রে নানা জটের কথা উঠে এসেছে। শেষ পর্যন্ত বেলেঘাটা পর্যন্ত কাজ শেষ করা সম্ভব হয়েছে। কিন্তু, এখনও চিংড়িহাটার কাজ বাকি রয়ে গিয়েছে। কয়েকদিন আগেই এ নিয়ে আক্ষেপ করতে দেখা গিয়েছিল মেট্রো রেলের জেনারেল ম্যানেজারকে। রীতিমতো ক্ষোভের সুরে বলেছিলেন, “চিংড়িঘাটার মাত্র ৩৬৬ মিটার এবং নব দিগন্ত থেকে সিটি সেন্টার পর্যন্ত মেট্রো প্রকল্পের জন্য যে জমি প্রয়োজন ছিল তা বারবার আবেদন করা হলেও রাজ্য দেয়নি।” তাঁর দাবি, এই জমি যদি পাওয়া যেত তাহলে এই অংশের কাজ শেষ হয়ে কবি সুভাষ-জয়হিন্দ মেট্রো স্টেশন বা কলকাতা বিমান বন্দর মেট্রো করিডরের অনেকটা অংশেরই উদ্বোধন করা সহজ হয়ে যেত।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানেও কার্যত একই লাইনে হেঁটে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল মেট্রো রেলের জেনারেল ম্যানেজারকে। এদিনও তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আমরা চাই দ্রুত কবি সুভাষ থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা এবং বারাসাত পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকুক। রাজ্য সরকার কেন জমি দিচ্ছে না সেটা তারাই বলতে পারবেন। আমাদের তরফে বারবার করে রাজ্য সরকারের কাছে জানানো হয়েছে, কিন্তু তারপরও দেয়নি।”