বারবার ধস, ১০ নম্বর জাতীয় সড়ক পরিদর্শনে আসছে উচ্চ পর্যায়ের কেন্দ্রীয় প্রতিনিধি দল - 24 Ghanta Bangla News
Home

বারবার ধস, ১০ নম্বর জাতীয় সড়ক পরিদর্শনে আসছে উচ্চ পর্যায়ের কেন্দ্রীয় প্রতিনিধি দল

Spread the love

টানা বর্ষণে বারবার ক্ষতিগ্রস্থ হচ্ছে কালিম্পং ও সিকিমের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়ক। এবার এই সড়ক নিয়ে পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র। দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা জানিয়েছেন, শীঘ্রই উচ্চ পর্যায়ের একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল ১০ নম্বর জাতীয় সড়ক পরিদর্শনে আসবে। এই সড়ক শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পংকে সংযুক্ত করে। তাই এখানকার পরিস্থিতি ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন,: ধসের জেরে ফের অচল ১০ নম্বর জাতীয় সড়ক, ব্যাহত সিকিম-কালিম্পংয়ে যোগাযোগ ব্যবস্থা

রাজু বিস্তা জানান, তিনি সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে দেখা করে ১০ নম্বর জাতীয় সড়কের ক্ষতির বিষয়টি তুলে ধরেন। বিশেষ করে শিলিগুড়ি থেকে সেবকে করোনেশন ব্রিজ ও চিত্রে পর্যন্ত রাস্তার অবস্থা উদ্বেগজনক। মন্ত্রী এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানান এবং দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন। বিস্তা জানিয়েছেন, উচ্চ পর্যায়ের দল রাস্তার স্থায়ী সমস্যার সমাধান করবে। তারা রাস্তার পুনর্নির্মাণ, উন্নত হাইওয়ে করিডোর, ভায়াডাক্ট এবং টানেলসহ সব বিকল্প পদ্ধতি পরীক্ষা করবে। এছাড়া একজন প্রকল্প ব্যবস্থাপনা পরামর্শদাতা নিয়োগের কথাও বলা হয়েছে।

গত বছর ডিসেম্বর থেকে জাতীয় সড়ক উন্নয়ন কর্তৃপক্ষ এই মহাসড়কের রক্ষণাবেক্ষণ কাজ চালাচ্ছে। কিন্তু ভূমিধস ও গর্তের কারণে রাস্তা বহুবার বন্ধ হয়ে গিয়েছে। বিশেষ করে সেবক থেকে চিত্রে পর্যন্ত ৩০ কিলোমিটার অংশে বেশি সমস্যা হচ্ছে। এর ফলে শিলিগুড়ি থেকে কালিম্পং বা সিকিম যাতায়াত সমস্যা হচ্ছে।

বিস্তা মন্ত্রীকে আরও জানিয়েছে, রাস্তা মেরামতের জন্য দক্ষ কর্মী, ভারী যন্ত্রপাতি এবং ভূমিধস প্রতিরোধী উপকরণ প্রয়োজন। তিনি একাধিক কেন্দ্রীয় সংস্থার সঙ্গে আরও সমন্বয় বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। বাংলা ও সিকিম সরকারের প্রতিনিধি, জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী, ভূতাত্ত্বিক এবং ইঞ্জিনিয়ারদের নিয়ে একটি যৌথ বৈঠকের ব্যবস্থা করার কথাও বলেছেন।

এদিকে, জাতীয় সড়কে রাস্তার অবস্থা খারাপ থাকায় পর্যটকরা বিকল্প পথে যেতে বাধ্য হচ্ছেন। এতে সময় বেশি লাগে, খরচ বেড়ে যায় এবং পর্যটকের সংখ্যা কমে যায়। জানা যাচ্ছে, এছাড়াও পাহাড়ে ১১টি সেতু এবং ৯টি রাস্তা নির্মাণ করা হবে। এগুলি গ্রাম ও পাহাড়ের মধ্যে সংযোগ বাড়াবে, পর্যটন ও স্থানীয় মানুষের জীবনমান উন্নত করবে। উচ্চ পর্যায়ের এই কেন্দ্রীয় প্রতিনিধি দল জাতীয় সড়ক পরিদর্শন করে দ্রুত এবং স্থায়ী সমাধানের সুপারিশ দেবে। এতে শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিমের যাত্রাপথ নিরাপদ ও সহজ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *