Israel-Palestine War: গাজার দখলে অপারেশন 'Gideon's Chariots II' শুরু ইজরায়েলের - Bengali News | Idf takeover of gaza city naming operation gideons chariots ii - 24 Ghanta Bangla News
Home

Israel-Palestine War: গাজার দখলে অপারেশন ‘Gideon’s Chariots II’ শুরু ইজরায়েলের – Bengali News | Idf takeover of gaza city naming operation gideons chariots ii

Spread the love

চোরাগোপ্তা চেষ্টা অনেকদিন ধরেই চলছিল। কিন্তু এবার আর কোনও রাখঢাক গুড়গুড় নয়। একেবারে খুল্লামখুল্লা গাজা শহর দখলে দ্বিতীয় ধাপের অপারেশন শুরু করল ইজরায়েলি সেনা। ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাৎজের সবুজ সঙ্কেত পেয়ে ইজরায়েলি ডিফেন্স ফোর্স শুরু করল অপারেশন ‘গিডিয়ান’স চ্যারিয়টস ২’ বা ‘গিডিয়নের রথ ২’। ৬০ হাজারেরও বেশি আইডিএফ সদস্য বুধবার থেকে এই অপারেশন শুরু করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

অপারেশন শুরুর আগে ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর দফতরে ডাকা হয় আইডিএফ প্রধান চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল এয়াল জমির ও সিনিয়র কমান্ডারদের। তাঁদের অপারেশনের বিষয়ে জানিয়ে দেওয়া হয় সরকারিভাবে। তবে সেনার গতিবিধি ও অপারেশনের খুঁটিনাটি নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে না চাইলেও ইজরায়েলি প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, গাজাকে হামাসের দখলমুক্ত করাই আসল লক্ষ্য। একইসঙ্গে যাতে সাধারণ নাগরিকের সবচেয়ে কম ক্ষয়ক্ষতি করে গোটা অপারেশন চালানো যায়, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মে মাসে অপারেশন ‘গিডিয়নের রথ’-এর প্রথম দফায় প্রায় ৭৫% গাজার দখল নিয়েছিল ইজরায়েলি সেনা। গুঁড়িয়ে দেওয়া হয়েছে হামাসের প্রায় সব বড় বড় সুড়ঙ্গঘাঁটি। সেই সব ভিডিও-ও প্রকাশ করেছে আইডিএফ।

ইদানিং হামাসের উপর আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছিল ইজরায়েলি সেনা। তার মধ্যেই চলছিল সংঘর্ষবিরতি আলোচনাও। দুবছরেরও বেশি সময় ধরে সংঘর্ষবিরতির চেষ্টা ভেস্তে যাচ্ছিল বারবার। সম্প্রতি গাজাকে অবরুদ্ধ করে রাখে ইজরায়েল। এমনকী শিশুদের জন্য খাবার, দুধটুকুও ঢুকতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ। কাতার, ইজিপ্টের মতো দেশ মধ্যস্থতার চেষ্টা চালালেও এবার তারা বলছে, বল এখন ইজরায়েলের কোর্টে। যদিও এখনও পর্যন্ত ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রকাশ্যে কিছু বলেননি। ২০২৩-এর অক্টবরে হামাসের আক্রমণে প্রায় ১২০০ নাগরিকের মৃত্যুর পর থেকেই হামাসের বিরুদ্ধে অল আউট অ্যাটাকে চলে যায় ইজরায়েল। গত ২ বছরের রক্তক্ষয়ী যুদ্ধে ৬২ হাজারেরও বেশি প্যালিস্তিনীয় নাগরিকের মৃত্যুর দাবি করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তাঁদের মধ্যে কেউ-ই যুদ্ধ করছিলেন না! বেশিরভাগ মানুষই দুমুঠো খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে গুলি-বোমার আঘাতে মারা গেছেন, দাবি গাজার স্বাস্থ্যমন্ত্রকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *