GST: বড় খবর, স্বাস্থ্য ও জীবন বিমার প্রিমিয়ামে উঠে যাচ্ছে ১৮ শতাংশ GST? – Bengali News | Good News, Government Proposes Full GST Exemption on Health & Life Insurance Premiums
নয়া দিল্লি: সাধারণ মানুষের জন্য দারুণ স্বস্তির খবর। স্বাস্থ্য ও জীবন বিমার খরচ কমতে পারে অনেকটা। স্বাস্থ্য ও জীবনবিমায় জিএসটির প্রিমিয়াম তুলে নেওয়ার প্রস্তাব দিল সরকার। এতে বিমা গ্রাহকদের খরচ কমবে অনেকটাই। বিহারের উপমুখ্যমন্ত্রী তথা কনভেনার অব ইন্সুরেন্স সম্রাট চৌধুরী বুধবার এই তথ্য জানান।
বর্তমানে স্বাস্থ্য ও জীবন বিমার প্রিমিয়ামের উপরে ১৮ শতাংশ জিএসটি বসে। দীর্ঘদিন ধরেই প্রিমিয়ামের উপর থেকে এই জিএসটি তুলে নেওয়ার দাবি জানানো হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করী, অনেকেই কেন্দ্রের কাছে এই প্রস্তাব দিয়েছিলেন। এবার কেন্দ্রের তরফেও স্বাস্থ্য ও জীবনবিমার প্রিমিয়াম থেকে জিএসটি তুলে নেওয়া বা কমিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হল।
মন্ত্রিসভার তরফে ইতিমধ্যেই জিএসটি কাউন্সিলের কাছে এই প্রস্তাব জমা দেওয়া হয়েছে। এতে বিভিন্ন রাজ্যের অর্থ মন্ত্রীদের মতামতও থাকবে। বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেন, “সরকারের তরফে ব্যক্তিগত ও পরিবার পলিসির প্রিমিয়ামে জিএসটিতে ছাড় দিতে বলা হয়েছে। মন্ত্রিসভার সকল সদস্যরাই জিএসটির হার কমানোয় সম্মতি দিয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলই নেবে।”
প্রসঙ্গত, স্বাধীনতা দিবসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিএসটির কাঠামোয় বড় বদল আনার কথা বলেছেন। দিপাবলীতেই নতুন জিএসটি ঘোষণা হতে পারে। সূত্রের খবর, জিএসটি খোলনচে বদলে ফেলা হবে। জিএসটির ৪টি স্ল্যাব- ৫ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ ও ২৮ শতাংশ ভেঙে ২টি স্ল্যাবে নামিয়ে আনার পরিকল্পনা কেন্দ্রের। থাকবে শুধু ৫ শতাংশ ও ১৮ শতাংশের জিএসটি স্ল্যাব।
২০২৩-২৪ সালে কেন্দ্র স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের মাধ্যমে ৮ হাজার ২৬২ কোটি টাকা আয় করেছে। জীবন বিমার প্রিমিয়ামের মাধ্যমে ১ হাজার ৪৮৪ কোটি টাকা আয় হয়েছিল।
