তরুণীর সঙ্গে প্রেম, পেট্রোল পাম্প কেনার প্রতিশ্রুতি, ২৯ লাখ হাতিয়ে ধৃত Ex BSF - 24 Ghanta Bangla News
Home

তরুণীর সঙ্গে প্রেম, পেট্রোল পাম্প কেনার প্রতিশ্রুতি, ২৯ লাখ হাতিয়ে ধৃত Ex BSF

এক তরুণীকে প্রেমের জালে ফাঁসিয়ে প্রতারণার অভিযোগ উঠল প্রাক্তন বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনায় ওই প্রাক্তন বিএসএফ জওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, এক মহিলাকে প্রেমের ফাঁদে ফেলে নতুন জীবনের স্বপ্ন দেখিয়েছিলেন তিনি। প্রতিশ্রুতি দিয়েছিলেন, পেট্রোল পাম্প কিনে দেবেন। আর সেই অজুহাতেই হাতিয়ে নেন ২৯ লক্ষ টাকা। টাকা মিলতেই উধাও হয়ে যান অভিযুক্ত। প্রায় দেড় বছর ধরে গা-ঢাকা দিয়ে শেষমেশ বেহালার এক মিষ্টির দোকানে ছদ্মবেশে কাজ করছিলেন ওই জওয়ান। অবশেষে গড়িয়াহাট থানার পুলিশের জালে ধরা পড়েন তিনি।

আরও পড়ুন: মিঠুনের বিরুদ্ধে প্রতারণার মামলা, অভিযোগ খারিজ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা

গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম গৌতম হালদার। বাড়ি নদিয়ার তেহট্টে। রাজারহাটে বিএসএফের কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, গড়িয়াহাটের ডোভার লেনে এক অনুষ্ঠানে এক মহিলার সঙ্গে আলাপ হয় গৌতমের। ধীরে ধীরে সম্পর্ক গড়ায় প্রেমে। সেই বিশ্বাসকে কাজে লাগিয়ে মহিলাকে বোঝান তাঁদের একসঙ্গে ভবিষ্যৎ গড়তে একটি পেট্রোল পাম্প কিনতে হবে। অগ্রিম টাকার প্রয়োজন বলে প্রায় ২৯ লক্ষ টাকা নেন গৌতম। টাকা হাতে পাওয়ার পরপরই যোগাযোগ বিচ্ছিন্ন করে উধাও হয়ে যান তিনি।

অভিযোগ দায়েরের পর থেকেই তদন্তে নামে গড়িয়াহাট থানার পুলিশ। জানা যায়, গৌতমের মোবাইল বহুদিন ধরেই বন্ধ। তবে তার কিছু পরিচিতর কল লিস্ট ঘেঁটে সূত্র ধরে এগোয় পুলিশ। অন্য নম্বর ব্যবহার করে যেভাবে তিনি পরিচিতদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন সেই তথ্য হাতে লাগে তদন্তকারীদের। সেখান থেকেই খবর মেলে, বেহালার বুড়োশিবতলায় এক মিষ্টির দোকানে ম্যানেজারের কাজ করছেন তিনি।

ওসি অঞ্জন সেনের নির্দেশে এবং আধিকারিক অভিষেক সিংয়ের নেতৃত্বে পুলিশি দল হানা দেয় সেই দোকানে। সেখান থেকেই গ্রেফতার হন গৌতম হালদার। জানা গিয়েছে, দেড় বছর আগে গৌতম নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী নদিয়ার তেহট্ট থানায় একটি মিসিং ডায়েরি করেছিলেন। একই সঙ্গে বিএসএফ গোয়েন্দারাও তাঁকে খুঁজছিলেন। এখনও পর্যন্ত প্রতারণার টাকার হদিস পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সেই টাকার সন্ধান চালানো হচ্ছে। প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং পলাতক থাকার অভিযোগে গৌতম হালদারের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *