India-Bangladesh Border: টাকা দিয়েও জমি মেলেনি! বাংলাদেশ সীমান্তের কতটা অংশে নেই কাঁটাতার, সব তথ্য দিল শাহের মন্ত্রক – Bengali News | State govt did not hand over the land, Home Ministry released data of India Bangladesh border fencing
নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার রাজ্যে এসে অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছেন। এবার শাহের মন্ত্রক একেবারে পরিসংখ্যান তুলে ধরল। শুধু তাই নয়, প্রাচীর দেওয়ার কাজে রাজ্য সরকারের অসহযোগিতার অভিযোগও পরোক্ষে সামনে এসেছে। ভারত-বাংলাদেশ সীমান্তের বেশ কিছুটা অংশে নেই কোনও প্রাচীর। ফলে ওই অংশ দিয়ে অনুপ্রবেশ বা পাচারের ঘটনা নতুন নয়।
কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্ত রয়েছে ২২১৬.৭ কিলোমিটার জুড়ে। এর মধ্যে ১৬৪৭.৬৯৬ কিলোমিটারে রয়েছে প্রাচীর। বাকি ৫৯৬ কিলোমিটার অংশের মধ্যে জলাজমি বাদ দিয়ে স্থলভাগ পড়ছে ৪৫৬.২২৪ কিলোমিটার। আরও উল্লেখ করা হয়েছে যে ৪৫৬ কিলোমিটারের মধ্যে প্রাচীর দেওয়ার জন্য ৭৭.৯৩৫ কিলোমিটার জমি দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সংস্থাকে। বাকি ৩৭৮.২৮৯ কিলোমিটারের মধ্যে ১৪৮.৯৭১ কিলোমিটার জমি এখনও রাজ্য সরকার দেয়নি। এছাড়াও বাকি ২২৯.৩১৮ কিলোমিটার জমি নানা জটে আটকে আছে।
কেন্দ্র জানিয়েছে, ১৮১.৬৩৫ কিলোমিটার জমির টাকা দিয়ে দেওয়া হলেও, রাজ্য হস্তান্তর করেনি। এছাড়া ৩১.০১৯ কিলোমিটারের ক্ষেত্রে রাজ্য মন্ত্রিসভার অনুমোদন পাওয়া যায়নি। এছাড়া ৭.০৮৫ কিলোমিটারের মূল্যায়ন এখনও করেনি রাজ্য। ৯.৫৭৯ কিলোমিটারের টাকা এখনও দেয়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
বিজেপি এই ইস্যুতে বারবার অভিযোগ তুলেছে রাজ্যের বিরুদ্ধে। উঠেছে অসহযোগিতার অভিযোগ। এছাড়া সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী এলাকার কৃষকরাও দাবি করেছেন, কাঁটাতার না থাকায় তাঁদের জমি থেকে ফসলও চুরি হয়ে যাচ্ছে।