Constitution Amedment Bill: টানা ৩০ দিন 'বন্দি' থাকলেই পদ খোয়াবেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীরা, বিল আনছে কেন্দ্র - Bengali News | Centre to place new Bills in Lok Sabha for removal of PM, Chief Ministers arrested on serious charges - 24 Ghanta Bangla News
Home

Constitution Amedment Bill: টানা ৩০ দিন ‘বন্দি’ থাকলেই পদ খোয়াবেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীরা, বিল আনছে কেন্দ্র – Bengali News | Centre to place new Bills in Lok Sabha for removal of PM, Chief Ministers arrested on serious charges

Spread the love

লোকসভায় বুধবার বিলটি পেশ করবেন অমিত শাহImage Credit source: PTI

নয়াদিল্লি: গুরুতর ফৌজদারি অভিযোগে গ্রেফতার কিংবা আটক করা হয়েছে। টানা ৩০ দিন বন্দিও থাকতে হয়েছে। এমন হলে পদ থেকে সরে যেতে হবে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কিংবা অন্য কোনও মন্ত্রীকে। এমনই বিল আনছে কেন্দ্রীয় সরকার। বুধবার লোকসভায় বিলটি পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিন লোকসভায় ১৩০ তম সংবিধান সংশোধনী বিলটি পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গিয়েছে, সংবিধানের ৭৫ অনুচ্ছেদে নতুন ৫(এ) ধারা যুক্ত করার কথা বলা হয়েছে। প্রস্তাবিত ওই আইনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, কোনও কেন্দ্রীয় মন্ত্রী, কোনও রাজ্যের মুখ্য়মন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চল কিংবা কোনও রাজ্যের মন্ত্রীকে যদি গুরুতর অভিযোগে গ্রেফতার করা হয়, সেখানে ৫ বছর কিংবা তার বেশি দিন কারাদণ্ড হতে পারে। গ্রেফতার কিংবা আটকের পর যদি টানা ৩০ দিন হেফাজতে রাখা হয়, তবে ৩১ তম দিনে তাঁকে পদত্যাগ করতে হবে কিংবা স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে দেওয়া হবে। তবে বিলে আরও প্রস্তাব দেওয়া হয়েছে, বহিষ্কৃত মন্ত্রীরা মুক্তি পাওয়ার পর ফের পদ ফিরে পেতে পারেন। বিলটি পেশের পর তা যৌথ সংসদীয় কমিটিতে বিবেচনার জন্য পাঠানো হবে।

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর দীর্ঘ প্রায় ৬ মাস জেলে থাকলেও ইস্তফা দেননি। জেল থেকেই দায়িত্ব সামলেছিলেন। কিন্তু এই আইন পাশ হলে ৩১তম দিনেই মন্ত্রিত্ব থেকে সরতে হবে বন্দি মন্ত্রীকে।

মন্ত্রীদের পদ থেকে সরানো বিল নিয়ে কেন্দ্রকে আক্রমণ করে কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি বলেন, “পক্ষপাতদুষ্ট কেন্দ্রীয় সংস্থাগুলি দিয়ে বিরোধী মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করিয়ে সরকার নড়বড়ে করে দেওয়ার সেরা উপায়। নির্বাচনী প্রক্রিয়ায় হারাতে না পেরে অবাধে গ্রেফতার করে তাদের সরাও। কখনও শাসকদলের বর্তমান মুখ্যমন্ত্রীকে স্পর্শ করা হয় না।”

এদিন এই বিলটি ছাড়া আরও দুটি বিল লোকসভায় পেশ করবেন শাহ। তার মধ্যে একটি হল কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনিক সংশোধনী বিল। অন্যটি হল জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল, ২০২৫। সংসদের বাদল অধিবেশন শেষ হবে আগামিকাল (২১ অগস্ট)। এখন দেখার, এই ২ দিনে বিলগুলি নিয়ে কতটা উত্তপ্ত হয় সংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *