Vastu Tips: বাড়িতে কোন কালী মূর্তি রাখলে তা বড় বিপদের কারণ হতে পারে? – Bengali News | Keeping these kind of Kali idol in the house cause great danger according to vastu shastra
প্রায় সব হিন্দু বাড়িতে অন্তত একটি বা দুটি ঠাকুরের ছবি বা মূর্তি দেখাই যায়। বাস্তু শাস্ত্র অনুসারে বাড়িতে দেব-দেবীর মূর্তি রাখা শুধু ভক্তির প্রকাশই নয়। বরং এর সঙ্গে জড়িয়ে আছে পরিবেশ, মানসিক শান্তি এবং পারিবারিক সুস্থিরতা। তেমনই অনেকে বাড়িতে নানা ধরনের কালী মূর্তি বা দেবী কালীর ছবি রাখেন। দেবী কালিকা শক্তির প্রতীক, অশুভ শক্তি নাশ করেন তিনি। বাস্তু মতে, ভুলভাবে বা ভুল রূপে মূর্তি রাখলে তা জীবনে অশান্তির কারণ হয়ে উঠতে পারে। দেবী কালিকার কেমন রূপ বাড়িতে রাখা অশুভ?
১. ভয়ঙ্কর বা উগ্র রূপের মূর্তি – কালী মায়ের রূপ সাধারণত উগ্র—হাতের মধ্যে খড়্গ, কাটা মাথা, জিহ্বা বাহির করা ইত্যাদি। মন্দিরে এই রূপ পূজনীয় হলেও, বাস্তু মতে ঘরে অতিরিক্ত উগ্র রূপের মূর্তি রাখা উচিত নয়। এতে বাড়ির সদস্যদের মানসিক অশান্তি বাড়তে পারে, শিশুদের মধ্যে ভয় এবং আতঙ্ক তৈরি হয়। ঘরের মধ্যে শান্ত ও মাতৃসুলভ রূপের কালী মূর্তি রাখাই শুভ।
২. অতিরিক্ত বড় মূর্তি – বাড়ির পুজোর ঘরে দেবমূর্তি ছোট ও সুশৃঙ্খল হওয়া উচিত। বিশাল বা মন্দিরোপযোগী কালী মূর্তি ঘরে রাখলে বাস্তু দোষ তৈরি হয়। এতে বাড়ির শক্তি ভারসাম্যহীন হয়ে যায় এবং পারিবারিক কলহ, আর্থিক সমস্যা বা মানসিক চাপ বাড়তে পারে।
৩. ভাঙা বা খণ্ডিত মূর্তি – যে কোনও দেবমূর্তি ভাঙা বা খণ্ডিত অবস্থায় ঘরে রাখা একেবারেই অনুচিত। বাস্তু মতে, এমন মূর্তি অশুভ শক্তিকে আকর্ষণ করে এবং পরিবারে অশান্তি ও অর্থনৈতিক ক্ষতি ডেকে আনে। কালী মূর্তি ভেঙে গেলে তা নদী বা পুকুরে বিসর্জন দেওয়া উচিত।
৪. কালো বা অতিরিক্ত গাঢ় রঙের প্রভাব – কালী মায়ের রূপ সাধারণত শ্যামবর্ণ হলেও বাস্তু মতে, ঘরে অতিরিক্ত গাঢ় কালো মূর্তি রাখলে মানসিক ভারসাম্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষত শোবার ঘরে বা বসার ঘরে এমন মূর্তি রাখা একেবারেই অনুচিত। পুজোর ঘর ছাড়া অন্য কোথাও কালী মূর্তি রাখা উচিত নয়।
৫. যুদ্ধংদেহী ভঙ্গির মূর্তি – কালী মায়ের এমন রূপ, যেখানে তিনি অসুর বধ করছেন বা যুদ্ধংদেহী ভঙ্গিতে রয়েছেন, তা বাড়ির পরিবেশে উত্তেজনা সৃষ্টি করতে পারে। পরিবারে ঝগড়া, রাগ এবং অস্থিরতা বাড়তে পারে। তাই ঘরের জন্য সর্বদা করুণাময়ী, প্রসন্ন বা শান্ত রূপের কালী মূর্তি রাখা শ্রেয়।
৬. পুজার ঘরের বাইরে মূর্তি – বাস্তু শাস্ত্র বলে, দেবমূর্তি সর্বদা পূজার ঘর বা পরিষ্কার, পবিত্র স্থানে রাখা উচিত। ড্রইংরুম, শোবার ঘর, রান্নাঘর বা বাথরুম সংলগ্ন স্থানে কালী মূর্তি রাখলে তা বাস্তু দোষ ডেকে আনে।