Rajasthan: ফের নীল ড্রাম, মিরাটের স্মৃতি ফিরল রাজস্থানের আলওয়ারে, বেপাত্তা স্ত্রী-সন্তানরা - Bengali News | Man's dead body Found in a Drum in Rajasthan, wife and children missing - 24 Ghanta Bangla News
Home

Rajasthan: ফের নীল ড্রাম, মিরাটের স্মৃতি ফিরল রাজস্থানের আলওয়ারে, বেপাত্তা স্ত্রী-সন্তানরা – Bengali News | Man’s dead body Found in a Drum in Rajasthan, wife and children missing

Spread the love

এই ড্রাম থেকে উদ্ধার হয়েছে পচাগলা মৃতদেহ

আলওয়ার: উত্তর প্রদেশের মিরাটের নীল ড্রামের ছায়া এবার রাজস্থানের আলওয়ারে। একটি বাড়ির দোতলায় ড্রামের মধ্যে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হল। দুর্গন্ধ যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্য ড্রামের উপর পাথর চাপা দেওয়া ছিল। ঘটনার পর থেকে নিখোঁজ মৃত ব্যক্তির স্ত্রী ও তিন সন্তান।

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম হংসরাজ। তাঁর বাড়ি উত্তর প্রদেশে। তিনি রাজস্থানের তিজারা জেলায় ইটভাটায় কাজ করতেন। মাস দেড়েক আগে ওই বাড়িতে ভাড়ায় থাকতে শুরু করেন।

বাড়ির মালকিন গতকাল কোনও কাজে দোতলায় উঠেছিলেন। সেইসময় তিনি দুর্গন্ধ পান। নেমে এসে বৃদ্ধা পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই নীল ড্রাম থেকে হংসরাজের পচাগলা দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ড্রামের ঢাকনার উপর পাথর চাপা দেওয়া ছিল। পাথর সরিয়ে ঢাকনা খোলার পর দেখা যায়, ভেতরে একটি বিছানার চাদর দিয়ে মৃতদেহ ঢাকা হয়েছে।

ডিএসপি রাজেশ কুমার বলেন, “হংসরাজ তাঁর স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ওই বাড়িতে থাকতেন। কতদিন আগে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে, এখনও স্পষ্ট নয়। ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির টিম ঘটনাস্থলে রয়েছে। পুলিশ সমস্ত প্রমাণ সংগ্রহ করছে।” এই খুনের কারণ কী, তা এখনও স্পষ্ট নয় বলে তিনি জানান। মৃতের স্ত্রী ও অন্য কেউ এই খুনে জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। হংসরাজের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।

চলতি বছরের মার্চে উত্তর প্রদেশের মিরাটে এক ব্যক্তিকে খুনের অভিযোগ ওঠে স্ত্রী ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে। ওই ব্যক্তিকে খুনের পর টুকরো টুকরো করে কাটা হয়েছিল। তারপর একটি নীল ড্রামে সিমেন্ট দিয়ে দেহের টুকরোগুলি লুকানো হয়েছিল। মৃত ব্যক্তির মেয়ে প্রতিবেশীদের বারবার বলছিল, তার বাবা ড্রামে রয়েছে। তাতেই বিষয়টি সামনে এসেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *