TMC Leader Murder: CID চেয়েছিল মা! পঞ্চায়েত প্রধানের ছেলে খুনে ৭ দিনের মাথায় গ্রেফতার ১ – Bengali News | One arrested 7 days after murder of Cooch Behar Panchayat Pradhan’s son
কোচবিহার: প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করা হয়েছিল পঞ্চায়েত প্রধানের ছেলেকে। তা নিয়ে তোলপাড় হয়েছিল জেলার রাজনৈতিক মহল। ঘটনার কিছু সময়ের মধ্যেই ছেলে হারিয়ে মা বলেছিলেন সিবিআই চাই। যদিও তারপরেই আবার বলেছিলেন সিবিআই নয়, পুলিশে আস্থা আছে, সিআইডি চাই। অবশেষে ৭ দিনের মাথায় প্রথম গ্রেফতার।
সম্প্রতি ডাউয়াগুরি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের কুন্তলা রায়ের ছেলে অমর রায় প্রকাশ্যে খুন হন ডোডেয়ারহাট এলাকায়। এ ঘটনায়তেই বিনয় রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বিনয়ের বাড়ি পুন্ডিবাড়ি থানার অন্তর্গত সিদ্ধেশ্বরী এলাকায়। গ্রেফতার অসম-বাংলা সীমান্ত থেকে। উদ্ধার হয়েছে ১টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড গুলি। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানান।
পুলিশ সূত্রে খবর, অমর ও বিনয় পূর্ব পরিচিত। দীর্ঘদিন ধরেই একাধিক বিষয় নিয়ে নিজেদের মধ্যেও দ্বন্দ্বও ছিল। তবে বিনয় ছাড়া এ ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। ধৃতের বিরুদ্ধে আগেও একাধিক মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ।