Glowing Skin: ত্বকের জেল্লা ফেরাতে অত্যন্ত কার্যকর এই একটি মশলা! কীভাবে কাজ করে জানেন? – Bengali News | This one spice is very effective in restoring the glow of the skin, know how it works
ত্বকের জেল্লা বা প্রাকৃতিক উজ্জ্বলতা বজায় রাখা অনেকেরই বড় চিন্তার বিষয়। রোজের স্ট্রেস, দূষণ, রাত জাগা সব মিলিয়ে নিষ্প্রাণ হয়ে পড়ে ত্বক। এদিকে সামনে যে দরজায় কড়া নাড়ছে পুজো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা, তার আগে সেই হারানো জেল্লা তো ফেরাতেই হবে। কিন্তু কীভাবে? এই ক্ষেত্রে কিন্তু মুশকিল আসান হতে পারে রান্নাঘরের একটি মশলা। সেটি হল জয়িত্রী।
সাধারণ মশলা হলেও রূপচর্চায় জবাব নেই এই উপাদানটির। জানেন জয়ত্রী কীভাবে সাহায্য করে রূপচর্চায়?
জয়িত্রীতে রয়েছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, মিনারেলস (যেমন – কপার, আয়রন, ম্যাঙ্গানিজ), ভোলাটাইল অয়েল এবং নানা প্রকার ফাইটোকেমিক্যাল। এই সব উপাদান একত্রে কাজ করে ত্বকের কোষের ক্ষয় রোধ করে। নতুন কোষ গঠন সাহায্য করে।
কীভাবে কাজ করে?
অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর – আমাদের ত্বকে প্রতিদিন সূর্যের আলো, দূষণ, ধুলোবালি এবং মানসিক চাপের কারণে ফ্রি র্যাডিক্যাল জমতে থাকে। এগুলো ত্বককে মলিন, ক্লান্ত এবং বয়সের ছাপ এনে দেয়। জয়িত্রীতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র্যাডিক্যালকে নিরসন করে, ফলে ত্বক আবার স্বাভাবিক দীপ্তি ফিরে পায়।
রক্তসঞ্চালন বৃদ্ধি করে – জয়িত্রী রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে। যখন ত্বকের কোষে সঠিকভাবে রক্ত ও অক্সিজেন পৌঁছায়, তখন তা ভেতর থেকে সতেজ ও উজ্জ্বল হয়ে ওঠে। এজন্য জয়িত্রী ব্যবহার করলে ত্বক ফর্সা না হলেও প্রাকৃতিক আভা বাড়ে।
অ্যান্টিব্যাকটেরিয়াল প্রভাব – ব্রণ, ব্ল্যাকহেডস বা দাগ–ছোপ ত্বকের জেল্লা নষ্ট করে দেয়। জয়িত্রীতে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ আছে, যা ব্রণ নিয়ন্ত্রণে সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলে দাগ হালকা হয় এবং ত্বকের রং সমান হয়ে আসে।
ত্বকের মৃত কোষ দূরীকরণ – জয়িত্রী একটি হালকা স্ক্রাবারের মতো কাজ করে। এটি মৃত কোষ তুলে দেয় এবং নতুন কোষ গঠনে সহায়তা করে। ফলে ত্বক মসৃণ হয় এবং তার উজ্জ্বলতা বাড়ে।
বার্ধক্য রোধে সাহায্য করে – বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে কোলাজেন কমে যায়, যার ফলে ফাইন লাইন ও রিঙ্কলস দেখা দেয়। জয়িত্রী কোলাজেন উৎপাদনকে উৎসাহিত করে এবং ত্বককে টানটান রাখে। এর ফলে মুখে তারুণ্যের আভা বজায় থাকে।
কীভাবে ব্যবহার করবেন?
ফেস প্যাক হিসাবে – সামান্য জয়িত্রী গুঁড়ো মধু ও দুধের সঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগালে ত্বক উজ্জ্বল হয়।
ব্রণ কমাতে – জয়িত্রী গুঁড়ো সামান্য গোলাপজলের সঙ্গে মিশিয়ে দাগ বা ব্রণের জায়গায় লাগালে উপকার পাওয়া যায়।
স্ক্রাবার হিসাবে – জয়িত্রী গুঁড়ো ও ওটমিল মিশিয়ে হালকা হাতে মুখে মালিশ করলে মৃত কোষ দূর হয়।
পুষ্টিবিদরা জানাচ্ছেন, জয়িত্রী মিক্সিতে গুঁড়িয়ে সেই গুঁড়ো ১/৪ চা চামচ আধ কাপ (১২০ মিলি) উষ্ণ জলে গুলে প্রতি দিন রাতে ঘুমোনোর আগে খেলে তা ত্বকের হারানো ঔজ্জ্বল্য ফেরাতে এবং ওজন কমাতে সাহায্য করে।