৪৮ ঘণ্টার মধ্যে বুলা চৌধুরীর ‘পদ্মশ্রী’ পদক উদ্ধার, পুলিশের সাফল্যে খুশি সাঁতারু - 24 Ghanta Bangla News
Home

৪৮ ঘণ্টার মধ্যে বুলা চৌধুরীর ‘পদ্মশ্রী’ পদক উদ্ধার, পুলিশের সাফল্যে খুশি সাঁতারু

Spread the love

চুরি হয়ে গিয়েছিল সাঁতারু তথা প্রাক্তন সাংসদ বুলা চৌধুরীর পদ্মশ্রী পদক। সেই ঘটনায় তদন্তে নেমে সাফল্য পেল রাজ্য পুলিশ। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই সেই পদক উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় সে নিজের দোষ স্বীকার করেছে বলে তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন। পদক ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন বুলা চৌধুরী এবং পুলিশের তৎপরতাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: মাঝ-আকাশেই ৫ বছরের শিশুর গলা থেকে চুরি সোনার চেন? বিমানসেবিকার বিরুদ্ধে FIR!

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাতে। হুগলির হিন্দমোটরের দেবাইপুকুর রোডে অবস্থিত বুলা চৌধুরীর আদি বাড়িতে চোরেরা হানা দেয়। বাড়িটি দীর্ঘদিন ধরে ফাঁকা থাকে। বর্তমানে তিনি সপরিবারে দক্ষিণ কলকাতার কসবার ফ্ল্যাটে থাকেন। আদি বাড়ির দেখভালের দায়িত্বে আছেন তাঁর ভাই মিলন চৌধুরী। শুক্রবার স্বাধীনতা দিবসের ছুটিতে বাড়ি গিয়ে মিলনবাবু লক্ষ্য করেন, পিছনের গেট ভাঙা এবং ভেতরে ঘর লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে। বাড়ির আলমারি ও আলমারির ভেতরে রাখা বুলা চৌধুরীর অর্জিত মেডেল, বিভিন্ন স্মারক সামগ্রী এবং পদ্মশ্রী পদক চুরি হয়ে যায়। এমনকি গৃহস্থালির বেশ কিছু জিনিস যেমন বাথরুমের কল, পুজোর সামগ্রী পর্যন্ত খোয়া যায়। এরপরই তিনি উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর দ্রুত তৎপর হয় পুলিশ। প্রথমে স্থানীয় থানা তদন্ত শুরু করলেও শনিবার থেকে সিআইডি আনুষ্ঠানিকভাবে তদন্তভার নেয়। তারা ঘটনাস্থল থেকে নথি ও সম্ভাব্য প্রমাণ সংগ্রহ করে।

এর পাশাপাশি, উত্তরপাড়া থানার পুলিশ কয়েকজন দুষ্কৃতীকে আটক করে। তাদের মধ্যেই একজন জেরায় চুরির ঘটনা স্বীকার করে নেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ শনিবার রাতভর অভিযান চালায় এবং চুরি যাওয়া অধিকাংশ জিনিস উদ্ধার করে, যার মধ্যে রয়েছে বুলা চৌধুরীর অমূল্য পদ্মশ্রী পদক। হুগলি জেলা পুলিশ রবিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে গোটা ঘটনার বিস্তারিত জানাবে বলে জানা গিয়েছে। পুলিশের দাবি, এটি রাজ্য পুলিশের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য। কারণ, চুরি হওয়া পদক ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করা বিরল ঘটনা। বিষয়টি ঘিরে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। কারণ, এর আগে শান্তিনিকেতন থেকে চুরি যাওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক এখনও উদ্ধার করতে পারেনি কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। সেই তুলনায় এত অল্প সময়ে পুলিশের এই পদক্ষেপ ও সফলতা প্রশংসনীয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পদক ফিরে পেয়ে আবেগপ্রবণ হয়ে বুলা চৌধুরী বলেছেন, পদ্মশ্রী তাঁর জীবনের গর্ব। এত দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ পদক ফিরিয়ে দিয়েছে। তার জন্য তিনি কৃতজ্ঞ। রাজ্য পুলিশের এই সাফল্য নিঃসন্দেহে তাঁদের দক্ষতা ও দায়বদ্ধতার আরেকটি উজ্জ্বল প্রমাণ হিসেবে ধরা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *