বিপাশাকে তীব্র আক্রমণ, ক্ষমা চাইতে বাধ্য হলেন ম্রুণাল – Bengali News | Mrunal Thakur apologises to Bipasha Basu for her silly body shaming remark
অভিনেত্রী ম্রুণাল ঠাকুর সম্প্রতি এক পুরোনো সাক্ষাৎকারের ভিডিও নিয়ে বিতর্কের পরে নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন। সেই ভিডিওতে তাঁকে অভিনেত্রী বিপাশা বসুর চেহারা নিয়ে মন্তব্য করতে দেখা যায়, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর সমালোচনার মুখে পড়েন তিনি। ম্র্ুণাল বৃহস্পতিবার তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বিবৃতি প্রকাশ করে লেখেন, তাঁর শব্দচয়নের ব্যাপারে আরও সচেতন হওয়া উচিত ছিল। যদিও সেখানে কারও নাম উল্লেখ করেননি, তবে তাঁর বার্তা ছিল পরোক্ষভাবে সেই ঘটনার প্রতিক্রিয়া।
৩৩ বছর বয়সী এই অভিনেত্রী লেখেন, “১৯ বছর বয়সে আমি অনেক নির্বোধ মন্তব্য করেছি। তখন আমি বুঝতে পারিনি আমার কথার কতটা প্রভাব পড়তে পারে, এমনকী মজার ছলেও সেটা কাউকে কষ্ট দিতে পারে। কিন্তু আমি জানি সেরকমই হয়েছে, আর তার জন্য আমি গভীরভাবে দুঃখিত।” তিনি আরও লেখেন, “আমার উদ্দেশ্য কখনও কাউকে শরীর নিয়ে অপমান করা ছিল না। এটা এক মজার আলাপচারিতা ছিল, যেটার মাত্রা ঠিক ছিল না। কিন্তু আমি বুঝি, সেটা কেমন শোনাচ্ছিল। আমি সত্যিই চাই, আমি অন্যভাবে কথা বলতাম… সময়ের সঙ্গে সঙ্গে আমি বুঝেছি সৌন্দর্য অনেক রকমের হতে পারে এবং এখন আমি সত্যিই এই ভাবনার মূল্য দিই।”
সম্প্রতি ভাইরাল হওয়া পুরনো ভিডিওতে ম্র্ুণাল এক অভিনেতাকে বলেছিলেন, “তুমি কি এমন মেয়েকে বিয়ে করতে চাও, যিনি মাসকুলার? তা হলে গিয়ে বিপাশাকে বিয়ে করো। শোনো, আমি বিপাশার চেয়ে অনেক ভালো, ঠিক আছে?” সম্প্রতি ম্র্ুণাল চর্চায় এসেছিলেন ধনুষের সঙ্গে প্রেমের কারণে। তারপর এই পুরোনো ভিডিয়ো ভাইরাল হওয়ার কারণে ক্ষমা চাইতে হলো নায়িকাকে।