Calcutta High Court: বাংলাদেশি সন্দেহে পুশব্যাক, কোর্টের নির্দেশে আমির ফিরল বাংলায় – Bengali News | Calcutta Highcourt: Pushback on suspicion of Bangladeshi, Amir returns to Bengal on court order
বসিরহাট: সাংবাদ মাধ্যমকে বাইট দিতে-দিতে কার্যত চোখ ছলছল করছিল বাবার। দু’মাসের বেশি সময় পর ছেলেকে ফিরে পেয়েছেন। বলা চলে, অনেক কাঠখড় পুড়িয়ে আবার ছেলেকে ফিরে পেয়েছেন তিনি। অভিযোগ, বাংলাদেশি সন্দেহে রাজস্থানে কাজে যাওয়া আমির শেখকে সীমান্তে পাঠিয়েছিল বিএসএফ। কলকাতা হাইকোর্টের নির্দেশে তাঁকে আবার ফিরে পেল পরিবার।
মালদহের কালিয়াচকের বাসিন্দা আমির শেখ। তিনি পরিযায়ী শ্রমিকের কাজে রাজস্থানে যান। অভিযোগ, বাংলায় কথা বলার জন্য তাঁকে বাংলাদেশ সীমান্তে পুশব্যাক করে বিএসএফ। শুধু রাজস্থান নয়, মুম্বই, ওড়িশা-সহ একাধিক রাজ্যে বাংলা ভাষায় কথা বলা শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে হেনস্থা সংক্রান্ত হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। বুধবার কলকাতা হাইকোর্টে ওঠে আমিরের মামলা। সেখানে তাঁর আইনজীবী রঘুনাথ চক্রবর্তী জানান, রাজস্থানে আমির শেখের নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছিল। দু মাস ধরে তাঁকে আটকে রাখা হয়েছিল। পরবর্তীতে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। এরপর বিএসএফ তাঁকে বাংলাদেশে পাঠায়। কোর্টে বিএসএফ দাবি করে আমির শেখ অসাবধানতাবশত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ থেকে প্রবেশ করেছিলেন। ফের বাংলাদেশ থেকে ফেরার সময় তাঁকে আটক করা হয়েছিল। তিনি কোনও কাগজপত্র দেখাতে পারেননি। এরপর তাকে স্থানীয় পুলিশ স্টেশনে হস্তান্তর করা হয়। পরবর্তীতে কোর্টের নির্দেশে আমির ফিরে পায় পরিবারকে।
গতকাল আমির শেখকে বিএসএফ আবার বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দেয়। সেখানকার পুলিশ আমির প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখে পরিবারের হাতে তাকে তুলে দেয়।
আমির শেখ বলেন, “আমি রাজস্থান গিয়েছিলাম। আমায় বাংলাদেশি বলে বিএসএফ এর হাতে তুলে দেয়য। তারপর দু’মাস জেল খাটি রাজস্থানে। এরপর বিএসএফ পুশব্যাক করে বাংলাদেশে দিয়েছে।”
আমির শেখের বাবা জিয়াম শেখ বলেন, “ছেলেকে পেয়ে মনটা ভাল হয়ে গেছে। এতদিন ধরে আমরা কান্নাকাটি করছি। শুধুমাত্র বাংলা কথা বলার জন্য গ্রেফতার করে। আমার ছেলে আধার কার্ড-সার্টিফিকেট দেখার পরও বলছে বাংলাদেশি। আমার ছেলেকে বাংলাদেশ বর্ডারে পুশব্যাক করে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় দেখছি ছেলে কান্নাকাটি করছে। তারপর বাংলাদেশের বিজিবি ফের পাঠায় এখানে।”
